আত্মবিশ্বাসী দীপিকা

শাহরুখের সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝাতেই যেন টুইটের চ্যালেঞ্জ মোছামুছির পর নতুন বক্তব্য দিলেন দীপিকা পাডুকোন। শাহরুখ-দীপিকা সম্পর্ক যে ঠুনকো কোনো বিষয় নয় এটি বোঝাতে দীপিকা জানিয়েছেন—তাঁদের সম্পর্কের পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

বলিউডে দীপিকা পাড়ুকোনের যাত্রা শুরু শাহরুখ খানের হাত ধরে। চলতি বছরের ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দীপিকার ‘বাজিরাও মাস্তানি’। ঠিক একই দিনে ‘দিলওয়ালে’ মুক্তির ঘোষণাও দিয়েছেন শাহরুখ। এর পরপরই ‘বাজিরাও মাস্তানি’ ছবির পক্ষ নিয়ে ‘চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড’ লিখে টুইট করেছিলেন দীপিকা। এ আচরণে অসন্তুষ্ট হলেও উচ্চবাচ্য করেননি শাহরুখ। ভুল বুঝতে পেরে পরে সে টুইট মুছেছেন দীপিকা। এর পর দুজনের ভালো সম্পর্কের সাফাই হিসেবে দীপিকা জানিয়েছেন, তাঁর টুইটকে ঘিরে অতিরঞ্জিত খবর রটানো হয়েছে। শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক কখনোই পাল্টাবে না বলেও মন্তব্য করেন তিনি।
দীপিকা আরও বলেন, ‘আমাদের ভেতর সম্পর্ক কতটা গভীর তা কেবল আমরাই জানি। সবাই যখন খবরগুলো পড়ছিলেন, তখন শাহরুখ আমাকে এসএমএস পাঠিয়ে আমার ফাউন্ডেশনের জন্য শুভেচ্ছা জানাচ্ছিলেন। সব সময় তিনি আমাকে উৎসাহ দিয়েছেন ও সহযোগিতা করেছেন।’
সম্প্রতি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন নামে একটি এনজিও খুলেছেন দীপিকা।
২০০৭ সালে ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মাধ্যমে দীপিকার বলিউড অভিষেক হয়। পরবর্তী সময়ে একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৩ সালে শাহরুখ-দীপিকা জুটির ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি বক্স অফিসে ধুন্ধুমার কাণ্ড ঘটায়। নিত্যনতুন নানা রেকর্ড গড়ে রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’। গত বছর মুক্তি পাওয়া শাহরুখ-দীপিকা জুটির ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটিও দারুণ ব্যবসা করে।
২০১৩ সালে সঞ্জয় লীলা বানশালীর ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দীপিকা। ছবিটির ব্যাপক সাফল্যের পর আবারও রণবীর-দীপিকা জুটিকে নিয়ে কাজ করছেন বানশালী। ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে অভিনয় করছেন রণবীর-দীপিকা।