আত্মবিশ্বাসী মাহিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিরা খান
মাহিরা খান

‘মাহিরা’ নামটা বলিউডে একেবারেই নতুন। তবে বলিউডে অভিষেকের আগেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন এই অভিনেত্রী। এর পেছনে অবশ্য একটা কারণ আছে। এই অভিনেত্রী বলিউডে নতুন হলেও, অভিনয়ে রয়েছে তাঁর লম্বা অভিজ্ঞতা। পাকিস্তানের বেশ নামডাকওয়ালা টিভি অভিনেত্রী তিনি। তবে পাকিস্তানে আর নয়। এবার চোখে বলিউডের স্বপ্ন নিয়ে তিনি শুরু করেছেন তাঁর নতুন পথচলা। আর শুরুতেই একেবারে বাজিমাত করে দিয়েছেন। প্রথম বলিউড ছবিতেই মাহিরা খান নায়ক হিসেবে পেয়েছেন বলিউড বাদশা শাহরুখকে। কিন্তু বলিউডের এই বাদশার সঙ্গে কাজ করতে গিয়ে মোটেও ঘাবড়াচ্ছেন না তিনি। উল্টো তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসী।
মাহিরা কাজ শুরু করেছেন রাইজ নামের একটি ছবিতে। এতে মাহিরার সঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। আর শুটিং শুরুর সঙ্গে সঙ্গে বলিউডে গুঞ্জনও শুরু হয়ে গেছে মাহিরাকে ঘিরে। সবাই বলছেন, নতুন ছবিতে নামমাত্র ভূমিকায় রাখা হয়েছে মাহিরাকে। ছবির পুরো অংশেই নাকি শুধু শাহরুখের আধিপত্য। এই গুঞ্জন একেবারে তাচ্ছিল্যের হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন মাহিরা খান। বলেছেন, ‘আমি যতটুকু অভিনয়ের সুযোগ পাচ্ছি, নিজেকে প্রমাণ করার জন্য আমার ততটুকুই দরকার ছিল।’