আত্মবিশ্বাসী সানাহর 'শানদার' গল্প

শহীদ কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘শানদার’ ছবির ‘গুলাবও’ গানটি এখন ছোটপর্দাতেও বেশ পরিচিতি পেয়েছে। কিন্তু গানের দৃশ্যে যে মেয়েটিকে ঘিরে শহীদ ও আলিয়া নেচেছেন, বড়পর্দায় তাঁকে এর আগে কখনোই দেখা যায়নি। কে এই নবাগত?
‘শানদার’ অভিনেতা শহীদ কাপুরের এক বোনও নাকি এ ছবিতে থাকছেন— ছবি বানানোর শুরুতে এমনই কথা উঠেছিল। অবশ্য শেষপর্যন্ত বলিউডের নাছোড় সংবাদমাধ্যমগুলো আবিষ্কার করছে ওই নবাগত অভিনেত্রী এ ছবির অভিনেতা পঙ্কজ কাপুরের কন্যা, শহীদ কাপুরের বোন সানাহ কাপুর! সানাহর মা সুপ্রিয়া পাঠক ভারতের একজন গুণী অভিনেত্রী।
বলিউডে যখন নায়ক কিংবা নায়িকা চরিত্রে তারকাদের সন্তানেরা দাপিয়ে বেড়াচ্ছেন; সেখানে তারকার সন্তান হয়েও সানাহ কেন পার্শ্বচরিত্রে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেন! এতে অবাক হয়েছেন অনেকে। অবশ্য বিষয়টা খোলাসা করেছেন পঙ্কজ কাপুর কন্যা নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানাহ বলেছেন, ‘এ ছবির অডিশনের সময় আমি কাউকেই বলিনি, আমি কার মেয়ে। কেউ সত্যিকারের প্রতিভাবান এবং উৎসাহী হলে সে অবশ্যই কাজ করার সুযোগ পাবে।’

বোঝাই যাচ্ছে, নিজের বিষয়ে সানাহ কাপুর যথেষ্ট সচেতন, আত্মসম্মানী এবং স্বাবলম্বী। বাবা শক্তিমান অভিনয়শিল্পী পঙ্কজ কাপুর, মা সুপ্রিয়া পাঠক কিংবা ‘সুপারহিট’ ভাই শহীদ কাপুর; কারও নাম ভাঙিয়েই বলিউডে পা রাখার পক্ষে নন সানাহ। বরং যোগ্যতা দিয়েই নাম লেখাতে চেয়েছেন বলিউডে। এমনকি চলচ্চিত্রে সানাহর অভিনয়ের ব্যাপারেও নাকি বাড়ির কেউ আগে থেকে কিছুই জানত না।
এ প্রসঙ্গে সানাহ জানিয়েছেন তিনি যখন ‘শানদার’-এর অডিশনের জন্য গিয়েছিলেন সে সময় আসলে নিজে থেকে কিছু একটা করে দেখাতেই চেয়েছিলেন।
সানাহ কাপুর এ প্রসঙ্গে বলেন, ‘আমি স্বাধীনভাবে কাজ করতে চেয়েছি এবং নিজেকে প্রমাণ করতে চেয়েছি।’ তিনি বলেন, ‘শানদার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হওয়াটা আমার জীবনের সেরা মুহূর্ত ছিল।
সানা এও জানান, যখন তিনি বাড়ি ফিরে তাঁর মা, বাবা আর ভাই শহীদ কাপুরকে ‘শানদার’ ছবিতে নির্বাচিত হওয়ার খবরটি জানিয়েছিলেন, তাঁরা জানতেনই না যে সানাহ অডিশন দিয়েছেন। বিষয়টা জেনে তাঁদের চোখেমুখে যে চমক আর গর্ব তিনি দেখেছিলেন; তা অমূল্য।
এ ছবিতে শহীদ কাপুরের চেয়ে বাবা পঙ্কজ কাপুরের সঙ্গে অভিনয় করতে হবে ভেবেই নাকি বেশি ভয় পাচ্ছিলেন নবাগত সানাহ। তিনি বলেছেন, ‘যখন জানতে পারি এ ছবিতে আমাকে তাঁর (পঙ্কজ কাপুর) সঙ্গে অভিনয় করতে হবে, সে সময় কিছুটা ভয়ই পেয়েছিলাম। দেশের অন্যতম সেরা একজন অভিনেতা তিনি। এর জন্য মনের ওপরে একটা চাপ তৈরি হয়েছিল।’ অবশ্য সানা এও বলেছেন, ‘তবে প্রথম ছবিতেই বাবা ও ভাই আশপাশে আছেন; এ বিষয়টা আমার জন্য কিছুটা স্বাচ্ছন্দ্যও তৈরি করেছিল।’
‘শানদার’ ছবিতে নাচের বিষয়ে সানাহ জানিয়েছেন, ‘গুলাবও’ গানে ভাই শহীদ কাপুরের সঙ্গে নাচে তাল মেলাতে প্রথম প্রথম একটু ভয়ই লাগছিল সানাহ কাপুরের; কারণ, শহীদ অসাধারণ ভালো নাচেন।
‘শানদার’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ২২ অক্টোবর। এখানে সানাহ কাপুর অভিনয় করেছেন আলিয়া ভাটের বোনের চরিত্রে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।