আত্মোন্নয়নে আলিয়া

দিন-কাল খুব একটা ভালো যাচ্ছে না আলিয়ার। তবে সাফল্য এসে নিশ্চয়ই একদিন আঁকড়ে ধরবে তাঁকে। তার আগে তিলে তিলে নিজেকে নবায়ন করছেন বলিউডের এই উঠতি তারকা। প্রতিটি নতুন ছবিতে ঠিক আগের ছবিটা থেকে নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করছেন তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি নিয়ে আলিয়া বলেছেন, অভিনয়ে কত নম্বর পেয়ে এগিয়ে রয়েছেন তার থেকেও গুরুত্বের সঙ্গে লক্ষ্য করছেন অভিনয়টা আগের থেকে কতটা মসৃণ হলো। তিনি বলেন, ‘জানি আমার ক্যারিয়ারে সবকিছু খুব দ্রুত ঘটছে, কিন্তু তাতে আমি ভীত নই। আমার সৌভাগ্য যে, খুব ভালো ভালো সব পরিচালক ও শিল্পীর সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। সামনেও যতগুলো ছবিতে যত ধরনের চরিত্রে পারা যায়, কাজ করব।’
তিনি বলেন, ‘শিখরে না মাঝামাঝি নাকি তলানিতে পড়ে আছি কখনোই সেসবে গুরুত্ব দিতে চাই না। চূড়ায় পৌঁছে গেছি তেমনটাও কখনো ভাবতে চাই না। আমার অবস্থান নির্ভর করবে আমার কাজ ও মানুষের সঙ্গে আচরণের ওপর। আর প্রত্যেক ছবিতেই নিজেকে ঝালিয়ে নবায়ন করছি।’
‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অনিচ্ছাকৃতভাবে মাদকসহ পাঞ্জাবে আটক হওয়া এক বিহারি অভিবাসীর চরিত্রে দেখা যাবে তাঁকে। আলিয়া জানান, এটা ছিল তাঁর জন্য বর্ণনাতীত কঠিন একটি চরিত্র। এ নিয়ে তিনি বলেন, ‘যে রকম সাড়া পাচ্ছি তাতে আমি অভিভূত। পদ্ধতি মেনে চলা শিল্পী আমি নই, বরং দৃশ্যের মুহূর্তগুলো ও স্বতস্ফূর্ততায় বিশ্বাসী। নিজের অন্য চরিত্রগুলোর সঙ্গে না মিলিয়ে বরং চরিত্রের মেয়েটি ও তাঁর অবস্থার ওপর গুরুত্ব দিয়েছি।’
এই চরিত্রে কাজ করতে গিয়ে ভীষণ কষ্ট করতে হয়েছে আলিয়াকে। কষ্টের কথা স্মরণ করে তিনি বলেন, ‘জীবনের একুশটা দিন গেছে অভাবনীয় শারীরিক কষ্টের মধ্যদিয়ে। মানসিক চাপ ছিল আরও বেশি। এমনও রাত গেছে ভয়ানক সব স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। শরীরের ওপর সেসবের প্রভাব পড়েছে। এসব থেকে বেরিয়ে আসতে যথেষ্ট সময় লেগেছে আমার।’ সমালোচকদের উদ্দেশে আলিয়া বলেন, ‘কেউ যদি ছবিটি পুরোপুরি দেখে মতামত দেন আমরা মাথা পেতে নেব। কিন্তু শুধু ট্রেলার দেখে মন্তব্য করাটা ঠিক হবে না। আমি হলফ করে বলতে পারি, ছবিতে গৎবাঁধা কিছু আমরা করিনি। নির্মাতাকে যে পরিমাণ শ্রম দিতে হয়েছে তাতে ছবিটা দেখে বিনা বাক্য ব্যয়ে সেন্সর ছাড়পত্র দিয়ে দেওয়া উচিত ছিল।’ ইন্ডিয়ান এক্সপ্রেস