আথিয়ার সঙ্গে সোনমের তুলনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আথিয়া শেঠি
আথিয়া শেঠি

দুজনের বাবাই বলিউডের নায়ক। সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠির সঙ্গে অনিল কাপুরতনয়া সোনম কাপুরের একটু-আধটু তুলনা তাই হতেই পারে। তবে তারকা বাবার সুবাদে নয়, আথিয়া-সোনমকে মেলানো হচ্ছে তাঁদের ব্যতিক্রম ফ্যাশনের জন্য। ভিন্ন স্টাইলের কারণে এরই মধ্যে বলিউডের ফ্যাশন আইকন হয়ে উঠেছেন সোনম কাপুর। অন্যদিকে, আথিয়ার মুক্তির অপেক্ষায় থাকা প্রথম চলচ্চিত্র হিরোর স্থিরচিত্র দেখেই অনেকে ধারণা করছেন, ফ্যাশনের দিক দিয়ে বলিউডের এই নতুন নায়িকাও কম যান না। এমন তুলনা অবশ্য হেসে উড়িয়ে দিয়েছেন সুনীলকন্যা। বলেছেন, ‘সোনম কাপুর আমাদের সময়ের অন্যতম সুন্দরী নায়িকা। তিনি যা পরেন, তাতেই মানিয়ে যায়। লোকে যখন আমার সঙ্গে সোনমের তুলনা করে, আমার হাসি পায়। তাঁর সঙ্গে কারও তুলনা চলে না।’

সোনম কাপুর
সোনম কাপুর

ছবি মুক্তির আগেই আথিয়া এই ‘বুঝে কথা বলার’ তালিম কার কাছে পেলেন, জানতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। শুরু থেকেই এই নবাগতার দেখভালের দায়িত্ব নিয়েছেন সালমান খান। কদিন আগে এক সাক্ষাৎকারে আথিয়া বলেছিলেন, ‘সালমান স্যার আমাকে শিখিয়েছেন, বলিউডে প্রতিষ্ঠা পেতে হলে প্রথমত বিনয়ী হতে হবে...।’ গুরুর কথা যে অক্ষরে অক্ষরে মেনে চলছেন তিনি, তা বেশ বোঝা যাচ্ছে! বলিউড লাইফ