আদনান সামি এখন ভারতীয় নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদনান সামি খান
আদনান সামি খান

পাকিস্তানি শিল্পী, সংগীত পরিচালক আদনান সামি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় নাগরিকত্ব পেতে নানান ঝক্কি-ঝামেলা শেষেই তিনি এ সুখবর পেলেন।
আজ বৃহস্পতিবার এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানি শিল্পী আদনান সামি ভারতের নাগরিকত্ব পেয়েছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এ কথা জানায়। কাল নতুন বছর (২০১৬) শুরুর দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
দু বছর আগে ৪৩ বছর বয়সী এই শিল্পীর ভারতে থাকার জন্য আবেদন প্রত্যাখ্যান করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায় তার আবেদন। এরপরই তিনি আজ নাগরিকত্ব পাওয়ার এ সুখবর পেলেন।
পাকিস্তানের পাসপোর্টধারী এই শিল্পী এত দিন ব্যবসায়ী ভিসায় ভারতে ছিলেন।
আদনান সামি পাকিস্তান ছেড়ে ভারতে আসেন ২০০১ সালে। এরপর তিনি বেশ কিছু হিট অ্যালবাম এবং কিছু সুপার হিট প্লে ব্যাক করে বলিউডে নিজের জায়গা করে নেন। একাধিক ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেন। নাগরিক না হওয়ায় বারবার ভিসার মেয়াদ বাড়িয়ে তিনি ভারতে থেকেছেন। ডানপন্থীদের চোখ রাঙানি উপেক্ষা করে তিনি কয়েকবার ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন। কিন্তু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ঠিক করতে পারছিল না তাঁকে নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার কার! এসবের মধ্যে পাকিস্তান সরকার ভারতীয় নাগরিকত্বের জন্য তাঁকে ‘অনাপত্তি পত্র’ দিতে সাফ নিষেধ করে দেয়। এরপরই পাকিস্তানি হাইকমিশনে পাঠানো এক চিঠিতে সামি লেখেন, আমার আর সবুজ (পাকিস্তানি) পাসপোর্টের দরকার নেই।