আদিত্য পাঞ্চোলির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিত্য পাঞ্চোলি
আদিত্য পাঞ্চোলি

ছেলে সুরাজের পর এবার নিজেও মামলার ঝামেলায় পড়ছেন আদিত্য পাঞ্চোলি। শুধু তা–ই নয়, নিজের প্রতিবেশীকে নিগ্রহ করার অভিযোগে একটি পুরোনো মামলায় তাঁকে এক বছরের কারাদণ্ডের সাজা দিলেন আদালত।

ঘটনাটা ২০০৫ সালের। ওই সময় প্রতিবেশী প্রতীক পাসরানিকে মারধর করে তাঁর নাকের হাড় ভেঙে দিয়েছিলেন আদিত্য পাঞ্চোলি। গণ্ডগোলটা বাধে বাসার নিচে পার্কিং এলাকায়। ভারসোভায় আদিত্যর অ্যাপার্টমেন্ট ম্যাগনাম ওপাসে প্রতীক পাসরানিকের জন্য বরাদ্দ পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্ক করেছিলেন আদিত্যর এক অতিথি। নিরাপত্তারক্ষীকে ডেকে প্রতীক পাসরানিক আপত্তি জানান। এ সময় সেখানে হাজির হন আদিত্য। প্রতীক পাসরানিকের সঙ্গে আদিত্য বাদানুবাদে জড়িয়ে পড়েন। তখনই প্রতীককে এই অভিনেতা মারধর করেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ প্রথমে জামিনযোগ্য ধারায় মামলা করলেও প্রতীকের মেডিকেল রিপোর্টে যখন দেখা যায় যে তাঁর নাকের হাড় ভেঙেছে, তখন গুরুতর আঘাত করায় ফৌজদারি মামলা দায়ের করে পুলিশ।


জানা গেছে, দোষী সাব্যস্ত করার পর ১২ হাজার রুপির বন্ডে জামিনে মুক্তি দিয়েছেন আন্ধেরির আদালতের ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত, ২০১৩ সালে মুম্বাইয়ের জুহুতে নিজ বাসা থেকে মডেল অভিনেত্রী জিয়া খানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কয়েক দিন পর আদিত্য পাঞ্চোলির ছেলে সুরাজ পাঞ্চোলিকে দায়ী করে জিয়ার লেখা সুইসাইড নোট খুঁজে পান তাঁর বোন। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করেন জিয়ার মা রাবেয়া আমিন। ওই সময় জিয়ার আত্মহত্যায় প্ররোচনার দায়ে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় সুরাজকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।
সূত্র : এনডিটিভি