আদিত্য মেলাবেন রণবীর-ক্যাটরিনাকে?

বলিউডের তারকা অভিনয়শিল্পী রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক বিচ্ছেদের খবর শুনে অনেকেই ধাক্কা খেয়েছিলেন। বিশেষ করে রণবীর ও ক্যাটের ফ্ল্যাটের বারান্দায় চুমুর ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় তোলার পর এত তাড়াতাড়ি কেউই ভাবতে পারেননি এই বিচ্ছেদের বিষয়টি!
যা হোক, বিচ্ছেদের পর কিছুদিন বাবা ঋষি ও মা নিতু কাপুরের সঙ্গে ছুটি কাটিয়ে রণবীর শুরু করেছেন ‘জাগ্গা জাসুস’ ছবির কাজ। অন্যদিকে রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্যাটরিনাও আর ফেরেননি মুম্বাইয়ের কার্টার রোডে তাঁদের বাড়িতে।
ক্যাটরিনা কাইফ এখন আছেন দিল্লিতে, তাঁর নতুন ‘ফিতুর’ ছবির প্রচারাভিযানে।
কিন্তু এই ছবিতে ক্যাটরিনা কাইফের নায়ক আদিত্য রায় কাপুরের মাথায় বোধ হয় এ বিষয়টি নিয়ে ভিন্ন চিন্তাই কাজ করছে। আদিত্য রায় কাপুর নাকি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন ক্যাট-রণবীরের এই ‘ভুল বোঝাবুঝি’ মেটাতে। আর কেনই বা তিনি এটা করবেন না! ক্যাটরিনা যেমন তাঁর সহকর্মী, রণবীরও তো তাঁরই বন্ধু!
কিন্তু আদিত্য কি পারবেন? ‘জাগ্গা জাসুস’ ছবিতে রণবীরের নায়িকা ক্যাটরিনা কাইফ কিন্তু এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, রণবীরের সঙ্গে নিজের ভ্যানিটি ভ্যান আর ভাগ করবেন না তিনি। বলিউডলাইফ ডটকম।