আদিত্য হীরার আংটি উপহার দিলে খুশি মনেই পরতাম: শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিত্য-শ্রদ্ধা
আদিত্য-শ্রদ্ধা

‘আশিকি টু’ তারকা আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন থেকেই। এখন পর্যন্ত প্রেমের কথা স্বীকার কিংবা অস্বীকার করেনি এ জুটি। দিন কয়েক আগে বেশ রহস্য করে একটি হীরার আংটি কেনেন আদিত্য। এর পরিপ্রেক্ষিতে খবর চাউর হয়, প্রেমিকা শ্রদ্ধার জন্যই আংটিটি কিনেছেন তিনি। সম্প্রতি বিষয়টিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন শ্রদ্ধা।

এ প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করে শ্রদ্ধা বলেন, ‘আমার অনামিকায় ​কি কোনো আংটি আছে? নেই। সত্যিই আমাকে আদিত্য হীরার আংটি উপহার দিলে আমি খুশি মনেই পরতাম এবং সবাইকে তা দেখাতাম। সাধারণত আমাকে ঘিরে গুজব রটলে আমি শান্ত থাকি। কিন্তু এ গুজবটি আমাকে সত্যিই পাগল করে দিয়েছে।’ শ্রদ্ধা আরও বলেন, ‘আমি আমার প্রেম নিয়ে কেবল তখনই মুখ খুলব, যখন বলার মতো একটি পর্যায় আসবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

আদিত্য রয় কাপুর ও পরিণীতা চোপড়া অভিনীত যশ রাজ ফিল্মসের ছবি ‘দাওয়াত-এ-ইশক’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। ছবিটি মুক্তির কয়েক দিন আগে এর শেষ মুহূর্তের প্রচারণার কাজে গুজরাটের সুরাত শহরে গিয়েছিলেন আদিত্যসহ ছবির দলের সদস্যরা। সেখানে একদল মানুষ তাঁদের ঘিরে ধরেন। হঠাৎ করেই ভিড়ের মধ্যে লাপাত্তা হয়ে যান আদিত্য। তাঁকে খুঁজে না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন ছবির দলের সদস্যরা।

মজার বিষয় হলো, ভিড়ের মধ্যে হাওয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আদিত্যকে পাশের একটি গয়নার দোকানে দেখা যায়। সেখান থেকে ফিরে আসার পর আদিত্যকে ছবির দলের সদস্যরা জিজ্ঞেস করেন, তিনি হঠাৎ কেন এভাবে লাপাত্তা হয়ে গেলেন! কিন্তু প্রশ্নের কোনো জবাব না দিয়ে সবাইকে এড়িয়ে যান আদিত্য।
আদিত্য মুখ না খুললেও খবর চাউর হয়, তিনি গয়নার দোকান থেকে শ্রদ্ধার জন্য বাগদানের আংটি কিনেছেন। এ ছাড়া তাঁর মুখপাত্রও হীরার আংটি কেনার বিষয়টি নিশ্চিত করেন।