আদিত্যকে রানীর 'না'

বলিউডের সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ তাঁরই পরিচালিত। বানিয়েছেন ‘মোহাব্বতে’ ও ‘রব নে বানা দি জোড়ি’র মতো আলোচিত ছবিও। প্রযোজক হিসেবেই বেশি নাম কিন্তু পরিচালক হিসেবেও আদিত্য চোপড়া দুর্দান্ত। সেই আদিত্যর পরিচালনায় কাজ কে না করতে চায়! না, কিন্তু বলিউডেরই একজন তাঁর ছবিতে কাজ করতে চাইছেন না। এবং তিনি আদিত্যের সবচেয়ে কাছের মানুষ—রানী মুখার্জি!
এ প্রসঙ্গে রানী বলেন, ‘আমি আদিকে বলেছি ও যেন কখনো ওর পরিচালিত ছবিতে আমাকে না নেয়। ওর নির্দেশনা আমি নিতে পারব বলে মনে হয় না।’ কেন? সমস্যা কোথায়? সমস্যা হলো, পরিচালকেরা প্রায়ই মনমতো কাজ না পেলে খুব চিত্কার-চেঁচামেচি, বকাঝকা করেন। রানীর অনুমান, প্রাণের মানুষ আদি তাঁর ওপর রাগ হলে ভ্যা করে কেঁদেই ফেলবেন!
রানী বলেছেন, ‘ওর বউ হয়ে আছি, এটাই ভালো। ওকেই বরং আমি বলে দিই কী করতে হবে না হবে। ওর হুকুম আমি মানতে চাই না।’