আনুশকা আর খেলা দেখেন না!


বিরাট কোহলি ক্রিজে থাকা মানেই গ্যালারিতে থাকবেন আনুশকা শর্মা। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম হওয়ার পর থেকেই এই জুটিকে সব সময় একসঙ্গে দেখা যেত। ব্যস্ততার ফঁাকে ঠিকই সময় বের করে প্রেমিককে উৎসাহ দিতে খেলার মাঠে উপস্থিত হয়ে যেতেন আনুশকা। কিন্তু ‘এশিয়া কাপ টি-টোয়েন্টি’ আসরে গ্যালারিতে নেই আনুশকা। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় আনুশকা এতটাই দূরে সরে গেছেন ক্রিকেট থেকে যে খেলার মাঠে আসা দূরে থাক, টিভিতেও নাকি এখন খেলা দেখেন না তিনি।
গত শনিবার এশিয়া কাপ টি-টোয়েন্টির ভারত–পাকিস্তানের টানটান উত্তেজনার ম্যাচে যখন ভারত ‘হেরে যায় যায়’ অবস্থা, তখন বিরাট আর যুবরাজ সিংয়ের ৬৮ রানের পার্টনারশিপই তো ভারতীয় দলকে পৌঁছে দিল জয়ের কাছে।
বিরাটকে একসময় ক্রিকেট মাঠে উৎসাহ জুগিয়েছেন যেই আনুশকা, তিনি নাকি এখন ক্রিকেট খেলা দেখতেও কোনো আগ্রহ বোধ করেন না। মিড ডে পত্রিকাকে এমন তথ্যই জানিয়েছেন এই পিকে অভিনেত্রী। সেই সঙ্গে আনুশকা শর্মা সাংবাদিকদের সাফ জানিয়ে দিয়েছেন, ক্রিকেট পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাঁর পুরোনো প্রেম বা প্রেমিক বিষয়ে কোনো কথাই বলতে চান না তিনি। টাইমস অব ইন্ডিয়া।