আনুশকা বললেন 'চার মারো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা। ছবি: ইনস্টাগ্রাম
আনুশকা শর্মা। ছবি: ইনস্টাগ্রাম

বিরাট কোহলির সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে রয়েছে ক্রিকেটের ভিডিও। নিশ্চিতভাবেই লকডাউনে কোয়ারেন্টিনে ঘরে বসে এই ভারতীয় ক্রিকেট অধিনায়কের মন পড়ে আছে ২২ গজের পিচে, মাঠে। আনুশকার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টটি চোখে পড়েছে?

‘কোহলি, এই কোহলি, কোহলি। চার মার না, কী করছিস! এই কোহলি, চার মার।’ এভাবেই কোহলিকে চার মারতে বলেছেন আনুশকা। আর নিজেদের ঘরে পাশে বসে থাকা কোহলি এমনভাবে আনুশকার দিকে তাকিয়েছেন, যেন মাথা খারাপ হয়ে গেছে আনুশকার।

এই ভিডিওর ক্যাপশনে আনুশকা লিখেছেন, ‘আমার মনে হল, কোয়ারেন্টিনে ঘরে থেকে থেকে কোহলি ক্রিকেটের মাঠকে খুব মিস করছে। মাঠের লাখ লাখ ভক্তকে মিস করছে। তাই এই ধরনের ভক্তদেরও মিস করছে নিশ্চয়ই। আমি তাই একজন ভক্ত হয়ে ঘরে বসে খেলার মাঠের সেরকমই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করলাম মাত্র।’

আনুশকার এই ভিডিও যাকে বলে মার মার কাট কাট হিট। ২২ ঘণ্টায় এই ভিডিও দেখা হয়েছে প্রায় ১ কোটিবার। ইনস্টাগ্রামের ১ কোটি ভিউয়ের ভিডিও হাতে গোনা। ৬২ হাজারেরও বেশি মানুষ এখানে মন্তব্য করেছেন। মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেটার ও বলিউড তারকারা।

আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ছবি: ইনস্টাগ্রাম
আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ছবি: ইনস্টাগ্রাম

বলিউড তারকাদের ভেতর প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং, কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানা, করণ জোহর, অর্জুন কাপুর, সানিয়া মির্জা, দিয়া মির্জা, নীনা গুপ্ত, কুনাল খেমু, কাজল আগারওয়াল, জারিন খান, ডায়ানা পেন্টি, জেনেলিয়া ডি সুজা, পূজা হেগড়ে হুমা কুরেশীসহ আছেন আরও অনেকে। ইনস্টাগ্রামে এক পোস্টে এত তারকার মন্তব্য আপনি টর্চ জ্বালিয়েও খুঁজে খুঁজে ব্যর্থ হবেন। শুধু তাই নয়, পিঙ্কভিলা, জুম টিভি, ফিল্মফেয়ার, ফিল্মিজ্ঞানসহ অনেক বিনোদন মিডিয়ার মন্তব্যও জড়ো হয়েছে এই ভিডিওর নিচে।

তাঁরা জানিয়েছেন, এর চেয়ে মজার ভিডিও হয়ই না। অনেকে আবার সিরিজ আকারে এই ভিডিও প্রকাশ করতে বলেছেন। কেউ কেউ প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘চার মারতে কেন বললেন! অন্তত ছয়। আর দ্রুত ১০০।’