আনুশকার নিউইয়র্ক যাওয়ার আসল কারণ

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা তাঁর প্রেমিক বিরাট কোহলির সঙ্গে নিউইয়র্কে যাওয়ায় অনেকেই মনগড়া অনেক কথা ভেবে নিয়েছিলেন। এবার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (আইফা) আয়োজন ছিল নিউইয়র্কে। এই অনুষ্ঠানের আগে নিউইয়র্কে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন আনুশকা ও বিরাট আইফাতে একসঙ্গে হাজির হবেন। কিন্তু গত শনিবার সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের দেখা যায়নি।
বিরাটের প্রেমে এতটাই মজেছেন আনুশকা যে বলিউড-বন্ধুদের এত কাছে রেখেও শুধু তাঁর সঙ্গেই ঘুরে বেড়ালেন?—এমন যাঁরা ভাবছেন, তাঁরা জেনে রাখুন আইফাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে এবার নিউইয়র্কে উড়াল দেননি আনুশকা। তাহলে সেখান যাওয়ার আসল কারণটা কী?
আনুশকা শর্মা নিউইয়র্কে শুধু ঘুরতেই যাননি, আবার আইফার জন্যও যাননি। রাজকুমার হিরানির ‘দত্ত’ ছবির শুটিংয়ে অংশ নিতেই তাঁর সেখানে যাওয়া। কিন্তু সঞ্জয় দত্তের এই বায়োপিকে মূল চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, তাঁরই তো কোনো খবর নেই। রণবীর এখনো নিউইয়র্কে গিয়ে পৌঁছাননি। কারণ, শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘জাগগা জাসুস’। এই ছবির প্রযোজকও তিনি। এত দিন রণবীর এই ছবির প্রচারে সময় দিয়েছেন। তবে খুব জলদি তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন বলে খবর পাওয়া গেছে। এর আগে আনুশকা তাঁর ক্রিকেটার প্রেমিক বিরাটকে নিয়ে ছুটি কাটাচ্ছেন নিউইয়র্কের নানা জায়গায়।
জানা যায়, ‘দত্ত’ ছবিতে আনুশকা একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। হিরানির আগের ছবি ‘পিকে’-তেও সাংবাদিক চরিত্রে ছিলেন এই অভিনেত্রী।
এদিকে আনুশকা ও রণবীরের মতো অনেক শিল্পীই এবার আইফাতে অনুপস্থিত ছিলেন। শাহরুখ খান তাঁর ‘যাব হ্যরি মেট সেজাল’ ছবির প্রচারে ব্যস্ত থাকায় এবার আইফাতে যাননি। প্রিয়াঙ্কা নিউইয়র্ক ছেড়েছেন আইফা শুরুর মাত্র কয়েক দিন আগে। অমিতাভ বচ্চনও ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির শুটিং করছেন মাল্টায়। বচ্চন পরিবারের কাউকেই এবার আইফাতে দেখা যায়নি। গুটি কয়েক তারকা দিয়ে এবারের আইফা ছিল অনেকটাই জৌলুশহীন। সূত্র: ইন্ডিয়া টুডে