আনুশকার ভুল টুইট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা
আনুশকা শর্মা

আবুল পাকির জয়নাল। সংক্ষেপে এপিজে। সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালামের নামের শুরুর অংশ। টুইটে লেখার জায়গাও কম; তাই লিখতেও হয় কম। কিন্তু এ কারণেই বোধ হয় ভুল চোখে পড়ে বেশি। ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালামের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করতে গিয়ে এমনই এক ভুলের ঝামেলায় ফেঁসেছিলেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা। অবশ্য দ্রুতই তা সংশোধন করে সে ভুলের ঝামেলা এড়িয়েছেন আনুশকা। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমাণুবিজ্ঞানী আবুল পাকির জয়নাল আবেদিন আবদুল কালাম সোমবার দেশটির মেঘালয় রাজ্যের শিলং শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেকের মতো শোক প্রকাশ করেছিলেন আনুশকা শর্মাও। কিন্তু অনবধানে এপিজে লেখার বদলে লিখে ফেলেছিলেন এবিজে। ব্যস! এতেই টুইটারে আনুশকার ওপর ঝাঁপিয়ে পড়েছিল সবাই।
ভুলটি হয়তো ছোট একটি শব্দের; কিন্তু এর কারণে লন্ডভন্ড করা বিশাল এক ঝড়ই যেন আছড়ে পড়েছিল আনুশকার ওপর। যদিও চট করেই টুইটের ভুলটি মুছে ফেলেছিলেন তিনি। কিন্তু এই ‘মুহূর্তের ভুল’ নিয়ে রীতিমতো বড় এক ঝামেলাতেই পড়েছিলেন আনুশকা শর্মা।
অবশ্য, একটু পরে টুইটারে আনুশকা শেষপর্যন্ত ঠিকঠাকই লিখেছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি ‘মিসাইলম্যান’ আবদুল কালামের নামের ‘এপিজে’ অংশটি; সেই সঙ্গে তাঁর শোকবার্তাও।