আনুশকার ভয়!

সুলতান ছবির ট্রেলার মুক্তি পাওয়ার আগে থেকেই ছবিটি নিয়ে উত্তেজনা আর কৌতূহলের কমতি নেই। দুই কুস্তিগিরের প্রেমকাহিনি তো বলিউডের দর্শকেরা এমনভাবে দেখেননি আগে। তার ওপর এই দুই কুস্তিগিরের একজন যেখানে সালমান খান, সেখানে অন্যজনকেও তো হতে হবে সেই মাপের। তাই তো সুলতান ছবির জন্য নিজেকে তৈরি করতে আনুশকা শর্মাকে পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। শারীরিকভাবে তো অবশ্যই, মানসিকভাবেও নিজেকে প্রস্তুত করতে আলাদা করে শ্রম দিতে হয়েছে। এরপরও আনুশকার ভয় কাটে না। একটাই শঙ্কা তাঁর, কুস্তিগির হিসেবে দর্শকেরা তাঁকে গ্রহণ করবেন তো? সালমানের সঙ্গে পর্দার রসায়ন সফল হবে তো এবারের মতো?
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত সুলতান ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে আনুশকা শর্মা তাঁর এই ভয় ও শঙ্কার কথা জানান গণমাধ্যমকে। জানালেন, এই ছবির জন্য যখন নিজেকে একজন কুস্তিগির হিসেবে কল্পনা করেন তিনি, তখনই ভয় তাঁকে পেয়ে বসে। তাঁর তো কুস্তিগিরসুলভ দেহগড়ন নেই! তা ছাড়া মাত্র ছয় সপ্তাহের অনুশীলনে তো কুস্তিগিরদের মতো পেশিবহুল হওয়াও সম্ভব নয়। সুলতান নায়িকা এ নিয়ে বলেন, ‘নিজেকে নিয়ে যখন দারুণ দ্বিধায় ছিলাম, তখন আমি অন্য কুস্তিগিরদের খেলার ভিডিও দেখেছি প্রচুর। তখনই বুঝলাম, কুস্তিতে দেহগড়ন কোনো বিষয় নয়। তাই এরপর একটু একটু করে ভয় কমতে লাগল। এখন ছবি দেখার পর দর্শকেরাও এটা বুঝলে হয়।’ টাইমস অব ইন্ডিয়া।