আনুশকার স্বীকারোক্তি

সবাই বলে, কী দারুণ জুটি, তাই না? অথচ খোদ আনুশকা-বিরাট নিজেরাই ব্যাপারটা এড়িয়ে গেছেন সব সময়। অন্যদের মতো তাঁরাও তাঁদের সম্পর্ককে ‘ভালো বন্ধুত্ব’-এর চাদরে জড়িয়ে রেখেছেন সব সময়। লুকোচুরি প্রেম নিয়েই তাঁরা হয়েছেন খবরের শিরোনাম। তবে এবার মুখ খুলেছেন আনুশকা। নিজ মুখেই স্বীকার করলেন প্রেম বিনিময় চলছে দুজনের মধ্যে।
ম্যাগাজিন ফিল্মফেয়ার-এর এবারের প্রচ্ছদের মডেল হলেন আনুশকা শর্মা। সেখানে দেওয়া সাক্ষাৎকারে অকপটে স্বীকার করলেন বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ককে। বললেন, ‘হ্যাঁ, আমি বিরাটের সঙ্গে প্রেম করছি।’ আর এই একটি কথার মধ্য দিয়েই শেষ করলেন তাঁদের লুকোচুরি প্রেমের অধ্যায়।
বেশ কিছুদিন ধরেই বিরাট-আনুশকা জুটি একসঙ্গে ক্যামেরার সামনে আসতে দ্বিধাবোধ করছেন না। গত বছর দেড়েক ধরে আনুশকা আর বিরাট আছেন আলোচনায়। এবার আনুশকার এই স্বীকারোক্তি তাঁদের সম্পর্ককে কোন দিকে নিয়ে যায়, এখন তা-ই দেখার অপেক্ষায় রয়েছে বলিউড ও ক্রিকেট দুনিয়ার মানুষেরা। পিংকভিলা।