আনুশকার হাতে প্রাণ পেল 'সিরাজ'

চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘অপুত্রয়ী’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছিলেন বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবি শঙ্কর। এবার তাঁর মেয়ে আনুশকা শঙ্কর চলচ্চিত্রের সংগীত তৈরি করেছেন। ছবির নাম ‘সিরাজ’। ১৯২৮ সালে ছবিটি তৈরি করেছিলেন জার্মান পরিচালক ফ্রাঞ্জ অস্টেন আর ভারতীয় প্রযোজক হিমাংশু রায়। ভারতবর্ষে নির্বাক যুগে তৈরি এই ছবিটি এবার নতুন জীবন পেয়েছে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের উদ্যোগে ছবিটি পুনরুদ্ধার করা হয়েছে। ৬১তম লন্ডন চলচ্চিত্র উত্সবে গতকাল শনিবার বার্বিকানে নতুন এই ছবিটির গালা ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হলো।

৯০ মিনিটের চলচ্চিত্র ‘সিরাজ: রোমান্স অব ইন্ডিয়া’ তৈরি হয়েছে ভারতবর্ষের এক ঐতিহাসিক প্রেমকাহিনি নিয়ে। তাজমহলের নির্মাতা সম্রাট শাহজাহানের প্রেমকাহিনি। এক রাজকুমারীর গল্প, যার জন্য তৈরি হয়েছে তাজমহল। ছবিতে শাহজাদা সিরাজের ভূমিকায় অভিনয় করেছেন হিমাংশু রায়। সম্রাট শাহজাহানের ভূমিকায় চারু রায় আর সেলিমার ভূমিকায় এনাকাশি রমা রাও। ছবিতে রয়েছে উটের কাফেলা, মরুভূমির লুটেরা ঘোড়সওয়ারের দল, জনাকীর্ণ দাস বেচাকেনার বাজার আর বিরাটকায় হাতি, সুরম্য প্রাসাদ। সব মিলিয়ে এত বছর পরও এ ছবিটির আবেদন এতটুকু কমেনি দর্শকদের কাছে।

এবারই প্রথম চলচ্চিত্রের সংগীত তৈরির কাজ করেছেন আনুশকা শঙ্কর। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট থেকে এ দায়িত্ব পেয়েছেন তিনি। এই ছবিতে আনুশকা শঙ্কর ভারতীয় আর পশ্চিমা সংগীতের এক মেলবন্ধন তৈরি করেছেন। সেতার, বাঁশি আর বেহালার সঙ্গে যোগ করেছেন সেলো, ক্লারিওনেট আর কি-বোর্ড। তিনি কাজ করার অভিজ্ঞতার কথা বললেন এভাবে, ‘ছবির কাহিনি সপ্তদশ শতকের। সংগীত তৈরির পুরো সময় আমি তা মাথায় রেখেছি। পাশাপাশি খেয়াল রেখেছি, ছবিটি তৈরি হয়েছিল ১৯২৮ সালে। আমি সব সময় ভারসাম্য ধরে রাখার চেষ্টা করেছি।’

‘সিরাজ’ ছবিটি যাঁরা তৈরি করেছিলেন, তাঁদের কেউ এখন আর বেঁচে নেই। আর ছবিটি দীর্ঘদিন পড়েছিল আর্কাইভে। তাহলে কে আনুশকাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন? কেউ নেই। পুরো কাজটি আনুশকাকেই করতে হবে তাঁর মেধা, অভিজ্ঞতা আর নতুন কিছু সৃষ্টির মন থেকে। বললেন, ‘কীভাবে সুর তৈরি করতে হয়, তা আমি জানি। কিন্তু আরেকজনের ভাবনার সঙ্গে সংগীতের মেলবন্ধন ঘটানো আমার জন্য একেবারেই নতুন ছিল। কাজ করতে গিয়ে বারবার মনে হয়েছে, ছবির সঙ্গে যুক্ত কেউ যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তে কিছু সহযোগিতা পাওয়া যেত। কিন্তু তা তো আর পাওয়ার উপায় নেই। তাই সব সিদ্ধান্ত আমাকেই নিতে হয়েছে।’

আনুশকা আরও বললেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে ভারতে তৈরি চলচ্চিত্রে কাহিনি আর প্রেক্ষাপটের সঙ্গে সংগীতের তেমন সামঞ্জস্য পাওয়া যায় না। কিন্তু আমি চেষ্টা করেছি ছবির সঙ্গে সংগীতের যেন কোনো দূরত্ব না থাকে। সংগীত আবেগের গভীরতা আনে—বাদ্যযন্ত্র ব্যবহারের সময় তা সচেতনভাবে খেয়াল রেখেছি। সব মিলিয়ে স্বপ্নের মতো একটা ছবি।’ হিন্দুস্তান টাইমস।