আনুশকার 'লাকি সেভেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা
আনুশকা শর্মা

ধূমকেতুর মতো আবির্ভাব। হঠাৎ, আকস্মিক। ছিলেন অখ্যাত মডেল। যশরাজ ফিল্মের ব্যানারে স্ক্রিন টেস্ট দিতে এসেও যে মুগ্ধ করেছিলেন তাও নয়। আদিত্য চোপড়ার ঠিক মনে ধরেনি তাঁর সৌন্দর্য। তবে আদি বুঝেছিলেন, উঠতি মডেল, বলিউডের স্বপ্নের জগতে পা রাখার জন্য ব্যাকুল সংগ্রামমুখর মেয়েটির মধ্যে ছাইচাপা আগুন আছে। ব্যস, আনুশকা শর্মা সুযোগ পেয়ে গেলেন রাব নে বানা দি জোড়িতে, শাহরুখ খানের বিপরীতে। বাকিটা? ইতিহাস!
ধূমকেতুর মতো আবির্ভাব হলেও আনুশকা শুরুতেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি ধ্রুবতারাই হতে চান। ব্যান্ড বাজা বারাত, লেডিজ ভার্সেস রিকি ভেল, যাব তাক হ্যায় জান, পিকে, এনএইচ টেন, দিল ধাড়কানে দো...কোনো ছবিই একটি আরেকটির মতো নয়। প্রতিটিই বলিউডের চেনা মসলার বাইরের উপাদান দিয়ে তৈরি। ১২ ডিসেম্বর ২০০৮-এ অভিষেক। ঠিক সাত বছর পূর্ণ করে আনুশকা বলতে পারছেন, ‘হ্যাঁ, এই সাতটা বছর আমার জন্য ছিল সৌভাগ্যের মোড়কে বন্দী। লাকি সেভেন।’
আনুশকা বলেছেন, ‘আমি সেই সব ছবিই দেখতে আর হৃদয় দিয়ে ধারণ করতে ভালোবাসি, যে ছবিটা আমাকে টানে। এ কারণেই কোনো ছবি বেছে নেওয়ার আগে সেটা আমাকে টানছে কি না, সেটাই সবচেয়ে গুরুত্ব পায়। আমার সৌভাগ্য, এমন সব নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যাঁদের দূরদৃষ্টি আছে। আমার সবচেয়ে বড় সৌভাগ্য, ভক্তদের অকৃপণ ভালোবাসা পেয়েছি।’ আইএএনএস।