আপত্তিকর ছবি নিয়ে দীপিকার ক্ষোভ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রভাবশালী একটি সংবাদমাধ্যমে তাঁর দৃষ্টিতে ‘আপত্তিকর’ ছবি প্রকাশে খেপেছেন। ‘দীপিকার শরীর প্রদর্শনের’ ওই ছবি নিয়ে টুইটারে কয়েকটি টুইট করে ক্ষোভ ঝেড়েছেন ফাইন্ডিং ফ্যানি তারকা।
দীপিকার একটি ছবি প্রকাশ করে ওই ছবির শিরোনাম দেওয়া হয়েছিল ‘ওএমজি: দীপিকা পাড়ুকোন’স ক্লিভেজ শো’। এ ছাড়া দাবি করা হয়, প্রচারণার জন্য জনসমক্ষে প্রায়ই শরীর প্রদর্শন করেন দীপিকা পাড়ুকোন। এ বিষয়টি দীপিকার নজরে এলে তিনি টুইট করে বলেন, ‘ইয়েস, আই অ্যাম এ ওম্যান...আই হ্যাভ ক্লিভেজ! ইউ গট অ্যা প্রব্লেম!!??’ আরেকটি টুইটে দীপিকা বলেন, ‘নারীকে সম্মান করতে না জানলে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা না বলাই ভালো।’
দীপিকার টুইটের পর অনেকেই দীপিকাকে সমর্থন করেছেন। তার টুইট রিটুইটও হয়েছে অনেক।
দীপিকাকে শান্ত করতে অবশ্য ওই সংবাদমাধ্যমটির পক্ষ থেকে ‘আত্মরক্ষামূলক’ টুইট করা হয়েছে। বলা হয়েছে, ‘দীপিকার উচিত এটাকে প্রশংসা হিসেবে নেওয়া।’