আবদার বটে!

পছন্দের তারকাকে কাছে পেলে এক সময় ভক্তরা অটোগ্রাফ চাইতেন, কিন্তু এখন সবকিছু বাদ দিয়ে প্রিয় তারকার সঙ্গে একটি সেলফি তোলার জন্য উন্মুখ হয়ে থাকেন ভক্তরা। আর ‘বিগ বি’র মতো সুপারস্টারকে পেলে কে বা না চাইবে একটি সেলফি তুলতে। কিন্তু তাই বলে ওয়াশরুমে? সম্প্রতি অমিতাভের এক ‘পাগল’ ভক্ত এমন আবদারই করেছেন এই বর্ষীয়ান তারকার কাছে।
বিশ্বজুড়েই অমিতাভ বচ্চনের প্রচুর ভক্ত ও অনুরাগী রয়েছেন। ভারতে এই তারকার নামে পূজা করেন এমন ভক্তও আছেন। তবে সম্প্রতি অমিতাভ তাঁর অফিশিয়াল ব্লগে এক ভক্তের অদ্ভুত চাওয়ার কথা লিখেছেন। সেই ভক্ত নাকি পাবলিক টয়লেটে অমিতাভ বচ্চনের সঙ্গে একটি সেলফি তোলার আবদার করেছেন। এমন আবদারে স্বাভাবিকভাবেই বিব্রত এবং বিরক্ত ‘বিগ বি’।
ভক্তের এমন আবদারে অমিতাভ বচ্চন বলেন, ‘আপনি ভাবলেন কী করে যে এখানে ছবি তুলতে আমি সম্মতি জানাব। দয়া করে বাইরে গিয়ে দাঁড়ান।’
এমনিতে ভক্তদের সঙ্গে অনেক বেশি আন্তরিক ৭৩ বছর বয়সী এই অভিনেতা। তবে, ইদানীং এমন ‘সেলফি শিকারি’রা তাঁর আতঙ্কের কারণ হয়ে উঠছেন বলে জানিয়েছেন। এনডিটিভি।