আবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও কাজল
শাহরুখ খান ও কাজল

উ-নি-শটা বছর। সেই ১৯৯৫ সালে শাহরুখ খান আর কাজল একসঙ্গে অভিনয় করেছিলেন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতে। এখনো ভারতের একটি সিনেমা হলে ছবিটি চলছে! আগামী ১২ ডিসেম্বর ছবিটি মুক্তির ১০০০তম সপ্তাহ পূর্ণ হবে। এই উপলক্ষটা বিশেষভাবে উদ্যাপন করতে চান শাহরুখ। তাঁর ইচ্ছাতেই আবারও ‘ডিডিএলজ’র কিছু মুহূর্তের পুনরাভিনয় দেখার সৌভাগ্য হবে দর্শকদের।
অবশ্য বড় পর্দায় নয়, সব আয়োজন করা হচ্ছে ছোট পর্দায়। একটি সূত্র জানিয়েছে, শাহরুখ আর কাজল কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর একটি পর্বে হাজির হচ্ছেন। এ মাসের শেষে ওই পর্বটির শুটিং হবে। সে অনুষ্ঠানে বলিউডের সর্বকালের অন্যতম সফল ছবিটি নিয়ে শাহরুখ-কাজল স্মৃতিচারণাও করবেন।
১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পাওয়ার পর থেকে মারাঠা মন্দির নামের একটি সিনেমা হলে এখনো চলছে রাজ-সিমরানের এই প্রেমগাথা। ভারতের চলচ্চিত্র ইতিহাসে তো বটেই, সারা বিশ্বেই টানা এক হাজার সপ্তাহ ধরে আর কোনো ছবি একটি হলে চলেছে কি না, কে জানে। মারাঠা মন্দিরেও বিশেষ অনুষ্ঠান হবে বলে শোনা যাচ্ছে। মুম্বাই মিরর।