আবার একসঙ্গে ফারহান-শ্রদ্ধা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহান আখতার-শ্রদ্ধা কাপুর
ফারহান আখতার-শ্রদ্ধা কাপুর

‘রক অন ২’ সিনেমার পর থেকেই ফারহান আখতার আর শ্রদ্ধা কাপুর চুপিচুপি প্রেম করে যাচ্ছেন। দুনিয়ার সামনে অবশ্য তাঁরা নিজেদের ‘শুধুই ভালো বন্ধু’ বলে পরিচয় দেন। কিন্তু কাজ ছাড়া দুজনের ঘন ঘন দেখা-সাক্ষাৎ যে প্রেমেরই লক্ষণ, তা কি আর বলে দিতে হয়? এবার পরিচালক মোহিত সুরি বাস্তবের এই কথিত প্রেমিক জুটিকে পর্দায় আনার চিন্তাভাবনা করছেন।

গত মাসেই মুক্তি পেয়েছে মোহিত সুরির ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’। সেখানেও নায়িকা ছিলেন শ্রদ্ধা। মোহিত জানান, এবার তাঁর ছবির গল্প একজন সিঙ্গেল বাবাকে নিয়ে। তাঁর নিজের জীবনের সঙ্গেও নাকি এই কাহিনির অনেক মিল। মাত্র আট বছর বয়সে এই অভিনেতা তাঁর মাকে হারান। এরপর তাঁর বাবা একাই তাঁকে মানুষ করেছেন। মোহিতের ভাষ্য, ‘মা মারা যাওয়ার পর আমার বাবাই আমাকে একা লালন-পালনের দায়িত্ব নিয়েছিলেন। তখন বাবার বয়স মোটে ৩৬।’

নাম ঠিক না হওয়া এই ছবির সঙ্গে ১৯৭৯ সালের হলিউড ছবি ‘দ্য চ্যাম্প’-এর মিল পাওয়া যাবে বলেও জানান পরিচালক। সম্প্রতি এই পরিচালকের বাড়িতে গিয়ে তাঁর মেয়ে ও পোষা কুকুরের সঙ্গে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শ্রদ্ধা। বোঝা যাচ্ছে, ছবি নিয়ে আলোচনা এগোচ্ছে।

একটি সূত্র জানায়, ফারহান আখতার তাঁর চরিত্রটি নিয়ে এরই মধ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করেছেন। যদিও শ্রদ্ধা ব্যস্ত ‘হাসিনা: কুইন অব মুম্বাই’ ছবির শুটিং নিয়ে। এই ছবির কাজ শেষ হলে তিনি লেগে পড়বেন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে এর পরেই মোহিতের এই সিনেমায় কাজ শুরু করতে পারবেন শ্রদ্ধা। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।