
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চে উঠেই বলিউড তারকা অমিতাভ বচ্চন বাংলায় বললেন, ‘আবার এসে গেছি আমি।’ তারপর ইংরেজিতে বললেন, ‘কলকাতা আমার হৃদয়ে গেঁথে আছে। আমার ভালোবাসার, ভালো লাগার শহর এই কলকাতা। তাই আর থাকতে পারলাম না। তিন বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে ছুটে আসছি, এবারও এলাম। ভুলি কী করে? তাই তো ডাক পেয়ে চলে এলাম আমার প্রিয় শহর কলকাতায়।’
গতকাল শনিবার সন্ধ্যায় ‘২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলো বলছিলেন কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চন।
উদ্বোধনের সময় বিশেষ অতিথি শর্মিলা ঠাকুর, সম্মানিত অতিথি জয়া বচ্চন, বিদ্যা বালান, মৌসুমী চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই। উত্সবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় ফিলিপাইনের ছবি বেলাংকা।
এবারের উত্সবে যোগ দিয়েছে ১৬টি দেশের ১৪৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাদেশের দুটি চলচ্চিত্রও অংশ নিচ্ছে। ছবি দুটি হলো মনসুর আলী পরিচালিত সংগ্রাম এবং ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সুমন ধরের নির্মিত ছবি আমি ও আইসক্রিম অলা।
এই চলচ্চিত্র উত্সব চলবে ২১ নভেম্বর পর্যন্ত। সমাপ্তি অনুষ্ঠান হবে কলকাতার নজরুল মঞ্চে।