আবার ওয়াহিদা রেহমান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহিদা রেহমান
ওয়াহিদা রেহমান

সাত বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন বলিউডের কিংবদন্তি শিল্পী ওয়াহিদা রেহমান। নির্মাতা অনুপ সিংয়ের নতুন ছবি ‘মন্ত্র - দ্য সং অব স্করপিয়নস’-এ তাঁকে দেখা যাবে।
ওয়াহিদা রেহমানকে শেষবার দেখা গিয়েছিল ২০০৯ সালে, রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘দিল্লি সিক্স’ ছবিতে। নতুন ছবিতে অভিনয়ের জন্য ওয়াহিদা এখন ভারতের জয়সলমিরে।
এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা ইরফান খান ও ইরানি অভিনেত্রী গুলশিফতেহ ফারাহানি।
চলতি বছরে অনুপ সিংয়ের প্রথম ছবি ‘কিস্‌সা’ মুক্তি পায়। বোদ্ধামহলে প্রচুর প্রশংসা পায় ছবিটি। সেখানেও অভিনয় করেছিলেন ইরফান খান।
নতুন ছবি ‘মন্ত্র - দ্য সং অব স্করপিয়নস’-এর কাহিনি ঘুরবে রাজস্থানের মরুভূমিতে থাকা এক তরুণ গায়িকাকে ঘিরে। সংগীতের মাধ্যমে সে মানুষকে সারিয়ে তোলে। একসময় যখন সে জানতে পারে, তাঁর প্রিয়তমই তাঁর জীবনকে বিষময় করে তুলেছে, তখন অজানা এক যাত্রায় বেরিয়ে পড়ে সে। গান করে মানুষকে সারিয়ে তোলা এই গায়িকার এখন এমন একটি গান খুঁজে পেতে হবে, যা তাঁর ভেতরের যন্ত্রণাকে সারিয়ে তুলবে। ইরানি অভিনেত্রী গুলশিফতেহ ফারাহানি এই তরুণ গায়িকার চরিত্রে অভিনয় করবেন।
ওয়াহিদা রেহমান একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। সামনে তাঁকে আরও দেখা যাবে কমল হাসানের ‘বিশ্বরূপম টু’ ছবিতে। এখানে বহুদিন পর তিনি একজন নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করবেন। বলিউড হাঙ্গামা।