আবার জুটি হচ্ছেন শাহরুখ-কাজল

নব্বই দশকের সাড়া জাগানো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবিতে শাহরুখ খান-কাজল জুটির অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ হন অগণিত দর্শক। সর্বশেষ চার বছর আগে মাই নেম ইজ খান ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন তাঁরা। এবার রোহিত শেঠির পরবর্তী ছবিতে দেখা যাবে শাহরুখ ও কাজলকে। মুম্বাইভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মিড-ডে ডটকম জানিয়েছে, এর মধ্যেই নাম চূড়ান্ত না-হওয়া ছবিটিতে অভিনয়ের জন্য সবুজসংকেত দিয়েছেন শাহরুখ ও কাজল।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রোহিতের পরবর্তী ছবিতে অভিনয় করবেন শাহরুখ। সম্প্রতি এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কাজল। ছবির কাজ এই মুহূর্তে একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। শিগগিরই ছবিটি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরই মধ্যে ছবির চিত্রনাট্যের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন রোহিত। আগামী বছর এর শুটিং শুরু হবে। কাজলের স্বামী অজয় দেবগনের সঙ্গে রোহিতের সম্পর্ক বেশ ভালো। সম্ভবত এ জন্য, খুব সহজেই নিজের পরবর্তী ছবিতে কাজলকে পেয়ে গেছেন রোহিত। মিড-ডে ডটকম