আবার দুজনে দেখা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিগ বস’ এর মঞ্চে সালমান ও ভাগ্যশ্রী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সেই ১৯৮৯ সালে ম্যায়নে পেয়ার কিয়া ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করে দুই নতুন মুখ—সালমান খান ও ভাগ্যশ্রী। এই সিনেমার পর দুজনের আর একসঙ্গে কাজ করা হয়নি। ভাগ্য তাঁদের জীবনতরিকে বিপরীত দুই ঘাটে নিয়ে ভিড়িয়েছে। সালমান বলিউডে ‘মাস্তানি’ করছেন বছরের পর বছর। অন্যদিকে বিয়ের পর ইন্ডাস্ট্রি থেকে একেবারেই দূরে চলে যান ভাগ্যশ্রী। মধ্যে টুকটাক কাজ করলেও, একপর্যায়ে পুরো বিনোদনজগৎ থেকে হাওয়া হয়ে যান এই তারকা।
তবে প্রথম সিনেমার স্মৃতি কি ভোলা যায়! আর সেই ছবি যদি হয় ইন্ডাস্ট্রির একটা মাইলফলক। বছরের পর বছর চর্চায় থাকে। গান বাজতে থাকে ক্যাসেট, সিডি থেকে ইউটিউবে। এসব ছবিতে শিল্পীদের মধ্যেও একটা বন্ধন তৈরি হয়ে যায়। ম্যায়নে পেয়ার কিয়া ঠিক এমনই একটি সিনেমা।

‘বিগ বস’ রিয়েলিটি শোর উইকেন্ড কা ওয়ার এপিসোডে একসঙ্গে উপস্থিত হলেন সালমান ও ভাগ্যশ্রী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই ছবির দুই শিল্পীর দেখা হয়ে গেলে সেটাও সংবাদের শিরোনাম হয়। যেমন শিরোনাম হয়েছে সালমান-ভাগ্যশ্রীর সাম্প্রতিক মোলাকাত।

ভাগ্যশ্রী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সুযোগটা করে দিল ‘বিগ বস’। এই রিয়েলিটি শোর উইকেন্ড কা ওয়ার এপিসোডে একসঙ্গে উপস্থিত হলেন সালমান ও ভাগ্যশ্রী। তাঁদের সেই যুগল ছবি ও ভিডিও ফেসবুক, টুইটারে শেয়ার করেছে কালার্স চ্যানেল কর্তৃপক্ষ। ভিডিওতে হালকা গোলাপি রঙের শাড়িতে উজ্জ্বল ভাগ্যশ্রী। স্যুট-বুট পরে সাইকেল চালিয়ে স্টেজে প্রবেশ করেন সালমান। নেপথ্যে বাজতে থাকে ম্যায়নে পেয়ার কিয়া ছবির সেই আইকনিক গান—‘তুম লাড়কি হো’। এরপরই সালমানকে ভাগ্যশ্রীর হাত ধরে সাইকেল চালাতে দেখা যায়।

সালমান খান নিয়মিত হলেও পরবর্তী সময়ে ভাগ্যশ্রী আর ছবি করেননি
ছবি: ফেসবুক থেকে নেওয়া

অনুষ্ঠানে ভাগ্যশ্রী জানান, চলচ্চিত্র থেকে তাঁর দূরে থাকার কারণ, ‘২০১৪ সালে আমার টেলিভিশন শো “লট আও তৃষা”র শুটিংয়ে প্রথম খেয়াল করি, আমার ডান হাত নাড়াতে সমস্যা হচ্ছে। চিকিৎসকেরা আমার হাতে অস্ত্রোপচার করার কথা বলেছিলেন। শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ধীরে ধীরে সেটা নিজে নিজেই সেরে যায়, যদিও অনেক সময় লেগেছিল। এটা ওদের অবাক করেছিল। বুঝেছিলাম, বাড়িতে সাধারণ জীবনযাপন একজনকে সেরে উঠতে সাহায্য করতে পারে।’

ভাগ্যশ্রী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আনন্দের কথা, আবার চলচ্চিত্রে ফিরেছেন ভাগ্যশ্রী। প্রায় এক যুগ পর থালাইভি ছবিতে তাঁকে মায়ের ভূমিকায় দেখা গেছে। জানা গেছে, এখন থেকে তিনি কাজ করবেন নিয়মিত।

‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির দৃশ্যে সালমান খান ও ভাগ্যশ্রী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভাগ্যশ্রীর মতে, দেশের আনাচে-কানাচে মানুষের কাছে নিজের ছবি নিয়ে পৌঁছানোর মজাই আলাদা। ৫২ বছরের এই অভিনেত্রী বলেন, ‘কয়েক বছর আগে স্পেনে গিয়েছিলাম। সেখানে এখনো মানুষ আমায় দেখে চিনতে পারে।’

ভাগ্যশ্রী
ছবি: ফেসবুক থেকে নেওয়া