আবার ভূত অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার ভূত হবেন অমিতাভ। ছবি: ইনস্টাগ্রাম
আবার ভূত হবেন অমিতাভ। ছবি: ইনস্টাগ্রাম

অমিতাভ বচ্চনের বয়স হয়েছে ৭৭। তবু বলিউডের সিংহাসনের দখল ছাড়েননি তিনি। নিয়মিত একের পর এক হিট ছবি উপহার দিয়ে বলিউডের ‘শাহেনশাহ’ উপাধি ধরে রেখেছেন যুগের পর যুগ। এই মুহূর্তে তিনি বলিউডের ব্যস্ততম সুপারস্টারদের একজন। তাঁর হাতে এখন একাধিক ভিন্ন স্বাদের ছবি। এরই ভেতর বিগ বি আরও একটি মজাদার ছবিতে কাজ করবেন বলে জোর খবর রয়েছে বিটাউনে। 

অমিতাভ বচ্চনের বয়স ৭৭, তাতে কী? ছবি: ইনস্টাগ্রাম
অমিতাভ বচ্চনের বয়স ৭৭, তাতে কী? ছবি: ইনস্টাগ্রাম

‘ব্রহ্মাস্ত্র’, ‘চেহেরে’, ‘গুলাবো সিতাবো’ ও ‘ঝুন্ড’। লাইন ধরে মুক্তির অপেক্ষায় এই চার ছবি। এসব ছবির শুটিংয়ে, ডাবিংয়ে ব্যস্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অমিতাভ বচ্চন। এরই মধ্যে জোর রব, একটি হাসির ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ছবিটির নাম বড়ই অদ্ভুত। বিবেক শর্মা পরিচালিত ওই ছবির নাম হতে চলেছে ‘ক খ গ ঘ নংগা’।
এর আগে পরিচালক বিবেকের সঙ্গে জুটি বেঁধে ‘ভূতনাথ’ ছবিতে কাজ করেছেন বলিউড সুপারস্টার অমিতাভ। সঙ্গে ছিলেন শাহরুখ খান আর জুহি চাওলা। বড় পর্দায় ভূতরূপী অমিতাভ বচ্চনকে সেবার সবাই সাদরে গ্রহণ করেছিল। ২০০৮ সালে মুক্তি পাওয়া ওই ছবি দারুণ ব্যবসাসফল হয়। মাত্র ১ কোটি ৪০ লাখ রুপি খরচ করে বানানো ছবিটি আয় করেছিল ৪২ কোটি রুপি। পরিচালক বিবেক তাঁর আগামী ছবির কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছেন। ৪১টি মনোনয়ন থেকে ১৫টি ফিল্মফেয়ার জয়ী অমিতাভ বচ্চনের সঙ্গে এই ছবির বিষয়ে কথা বলেছেন পরিচালক। আবারও ভূত হতে রাজি হয়েছেন ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত ‘শোলে’ তারকা।

আসছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘চেহেরে’, ‘গুলাবো সিতাবো’ ও ‘ঝুন্ড’ ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ছবি: ইনস্টাগ্রাম
আসছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘চেহেরে’, ‘গুলাবো সিতাবো’ ও ‘ঝুন্ড’ ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ছবি: ইনস্টাগ্রাম

নতুন ছবির প্রসঙ্গে বিবেক শর্মা বলেন, ‘আমি দাদার (অমিতাভ বচ্চন) সঙ্গে ছবিসংক্রান্ত সমস্ত বিষয়ে কথা বলে নিয়েছি। খুব মিষ্টি একটা গল্প দিয়ে ছবি নির্মাণ করতে চলেছি। এই ছবিতে একটা পারিবারিক দৃষ্টিকোণও থাকবে। ছবিতে বেশ কিছু বাচ্চা থাকবে। এই মুহূর্তে আমি খুবই নার্ভাস। তবে মন দিয়ে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি।’

চলতি বছরের মাঝামাঝি সময়ে ছবির কাজ শেষ করে ফেলবেন বলে আশাবাদী এই পরিচালক।