আবার যমজ সন্তানের মা হবেন সেলেনা

মডেল ও অভিনেত্রী সেলেনা জেটলি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। মজার বিষয় হলো, এবারও তিনি যমজ সন্তানের জন্ম দেবেন। চিকিৎসক তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেলেনা ও তাঁর স্বামী পিটার হাগের সংসারে আগেও দুই যমজ সন্তান রয়েছে। তাদের বয়স এখন পাঁচ বছর।
আগের দুই সন্তান যেহেতু ছেলে, এবার তাই সেলেনা ও পিটার যমজ মেয়ে চাইছেন। সেলেনা বলেন, প্রথমবার আলট্রাসাউন্ড করতে গিয়ে যখন জানতে পারেন তাঁরা আবারও যমজ সন্তান জন্ম দিতে যাচ্ছেন, তখন খুব অবাক হয়েছিলেন। এই নায়িকার ভাষ্য, ‘এটা জানার পর প্রথমে আমাদের যে কথাটি মনে হয়েছিল, তা হলো আমরা ভাগ্যবান। আমরা দুজনই ঈশ্বরে বিশ্বাস করি। আর বিশ্বাস করি, বিশেষ মানুষদেরই প্রভু অধিক সন্তান দেন।’
সেলেনা মনে করেন, যথার্থ অভিভাবকের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। তাই তাঁরা সব সময় ভালো অভিভাবক হওয়ার চেষ্টা করেন। সন্তানদের ভালোর জন্য যা করা উচিত, সবই করছেন গর্ভকালীন অবস্থায় তাঁর স্বামী পিটার সব সময় তাঁর পাশে থাকছেন বলেও জানান এই অভিনেত্রী।
২০০১ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সেলেনা জেটলি। সে বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি পঞ্চম হন। ‘জানাশিন’, ‘নো এন্ট্রি’, ‘আপনা সাপনা মানি মানি’, ‘গোলমাল রিটার্নস’ ও ‘থ্যাংক ইউ’ তাঁর উল্লেখযোগ্য কিছু ছবি। প্রেমিক পিটার হাগের সঙ্গে সেলেনা বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১১ সালে। ফিল্মফেয়ার