আবার রাহুল-আরোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিত্য ও শ্রদ্ধা
আদিত্য ও শ্রদ্ধা

অদ্ভুত এক প্রেমের রসায়নে দর্শকদের মোহিত করেছিলেন দুজন। আড়াই বছর পার করে এসেও আরোহী আর রাহুলের সেই রোমান্সের রোমাঞ্চ এখনো এতটুকু ম্লান হয়নি। আশিকি টু ছবিতে এই দুই চরিত্রে দুর্দান্ত অভিনয় করা আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর আবারও জুটি বাঁধছেন। এবারও একটি রোমান্টিক ছবিতে দেখা যাবে তাঁদের।
খ্যাতিমান পরিচালক মনি রত্নমের তামিল ছবি ও কাধাল কানমানি হিন্দিতে নতুন করে বানাচ্ছেন শাদ আলী। গত সোমবার নিজের ৩০তম জন্মবার্ষিকীতে এই ছবিতে সই করেন আদিত্য। দীর্ঘদিন রত্নমের সহকারী হিসেবে কাজ করা শাদ আলী এর আগে সাথিয়া, বান্টি অউর বাবলি, ঝুম বারাবার ঝুম, কিল দিল-এর মতো ছবি বানিয়েছেন। রত্নম নিজেও তাঁর শিষ্যের এই প্রকল্পে থাকছেন চিত্রনাট্যকার হয়ে।
রক অন টু-এর শুটিংয়ের জন্য শিলংয়ে ছিলেন শ্রদ্ধা। কিন্তু সোমবার তিনিও মুম্বাইয়ে উড়ে আসেন। সেটি এই ছবির কথাবার্তা চূড়ান্ত করতে, নাকি আদিত্যর জন্মদিন উদ্যাপন করতে—তা অবশ্য জানা যায়নি। মুম্বাই মিরর।