আবার সামনে এসেছে ইরফান খানের ছবি

অনেক দিন আলোচনার বাইরে আছেন ইরফান খান। আবার সামনে এসেছেন তিনি। ইনস্টাগ্রামে কারিনা কাপুর খান একটি ছবি পোস্ট করেছেন। ছবিটা ‘আংরেজি মিডিয়াম’-এর। ছবিতে দেখা যাচ্ছে, কারিনাকে অঙ্গভঙ্গি করে কিছু বোঝানোর চেষ্টা করছেন ইরফান খান। তিনি বড় কোনো সমস্যায় আছেন। আর তাঁর মুখের দিকে তাকিয়ে আছেন কারিনা। তিনি বোঝার চেষ্টা করছেন।
দীনেশ বিজনের ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ‘আংরেজি মিডিয়াম’ ছবিটি পরিচালনা করছেন হোমি আদজানিয়া। আগামী ২০ মার্চ প্রেক্ষাগৃহে ছবিটা মুক্তির কথা আছে।
‘আংরেজি মিডিয়াম’ ছবিতে অভিনয় করেছেন ইরফান খান ও কারিনা কাপুর খান। ছবিতে কারিনা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘এই ছবিতে আমার চরিত্রটা একেবারেই ছোট। কিন্তু আমি কাজটা করেছি, কারণ সাধারণত যে ধরনের কাজ করি, তা থেকে বেরিয়ে অন্য কিছু করতে চেয়েছি।’
লন্ডনে প্রায় এক বছর ক্যানসার চিকিৎসার পর দেশে ফিরে ইরফান খান ‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিং করেছেন। গত বছর ৮ এপ্রিল টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, চম্পক একটি মিষ্টির দোকান ঘসিটেরাম মিষ্টান্ন ভান্ডারের (জিএমবি) সামনে দাঁড়িয়ে আছে। টুইটারে ইরফান খান লিখেছেন, ‘সেই ১৯০০ সাল থেকে আপনাদের সেবায় জিএমবি। “আংরেজি মিডিয়াম” ছবির গল্প আপনাদের সামনে আনছি, খুব মজা হবে। শিগগিরই আসছি, চম্পকজির সঙ্গে। সবাইকে আমোদিত করতে আমি আসছি আবারও।’ ছবিতে ‘চম্পক’ চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান।
২০১৭ সালে মুক্তি পায় ‘হিন্দি মিডিয়াম’ নামে একটি চলচ্চিত্র। মাত্র ২৩ কোটি রুপি খরচ করে তৈরি সেই ছবি সবাইকে চমক দিয়ে তুলে আনে ৩৪০ কোটি রুপি। বছরের অন্যতম সেরা ব্যবসাসফল ছবির খেতাব জোটে। সেই ছবির সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়াম’।