আবারও একসঙ্গে বরুণ-আলিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট
বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট

অমিতাভ বচ্চন-রেখা, শাহরুখ খান-কাজল—এরপর সেই অর্থে বলিউডে কোনো জুটি তৈরি হয়নি। কিন্তু এবার বোধ হয় নতুন একটি জুটি তৈরি হতে যাচ্ছে। বলিউডের এ প্রজন্মের অভিনয়শিল্পী বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট এখন পর্যন্ত তিনটি ছবিতে জুটি হয়েছেন। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ও ‘বদরিনাথ কি দুলহানিয়া’—সব কটি ছবিই বক্স অফিসে হিট। এবার এই জুটিকে নিয়ে আরেকটি ছবি নির্মাণের কথা ভাবছেন ‘টু স্টেট’-এর পরিচালক অভিষেক বর্মণ। 

এখনো কিছু চূড়ান্ত হয়নি। কিন্তু প্রাথমিকভাবে অভিষেক তাঁর পরবর্তী ছবির নায়ক-নায়িকা হিসেবে বরুণ আর আলিয়ার কথাই ভাবছেন বলে জানা গেছে। একটি সূত্র জানায়, ‘সিদ্দাত’ নামের এই ছবিটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। ছবিতে আরও একজন নায়ক থাকার কথা। ধারণা করা হচ্ছে, অভিষেক তাঁর প্রথম ছবি ‘টু স্টেট’-এর নায়ক অর্জুন কাপুরকে এই ছবির প্রস্তাব দিতে পারেন।
অবশ্য এই সবই বলিউডের বাতাসে উড়ে বেড়ানো খবর। কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া পর্যন্ত নিশ্চিত হয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে, খবরটি সত্যি হলে যে বরুণ-আলিয়া জুটি আবারও পর্দা কাঁপাবে, এটা অনেকটাই নিশ্চিত। বলিউড বাবল।