আবারও একসঙ্গে শাহরুখ-করন জুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান-করণ জোহর
শাহরুখ খান-করণ জোহর

‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’ জনপ্রিয় এই সিনেমাগুলোর কথা নিশ্চয়ই মনে আছে সবার। এগুলো করন জোহর ও শাহরুখ খান জুটির ছবি। নিজেদের মধ্যেকার দ্বন্দ্বের কারণে গত পাঁচ বছর এই জুটি কোনো সিনেমায় কাজ করেননি। সর্বশেষ খবর হলো দুজনের দ্বন্দ্বের অবসান হয়েছে, আবারও একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন শাহরুখ খান ও করন জোহর। বলিউড লাইফ ডট কমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়ার ওই সংবাদে বলা হয়, ২০১০ সালে করন জোহরের পরিচালনায় ও শাহরুখ খান অভিনীত ‘মাই নেম ইজ খান’ মুক্তির পর এ জুটি আরও কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেনি। শাহরুখ ও করনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বের সম্প্রতি অবসান হয়েছে। এই দুজনের ঘনিষ্ঠ এক সূত্রের খবর অনুযায়ী, শিগগিরই তাঁরা একসঙ্গে একটি সিনেমায় কাজ করবেন। তবে কবে, কখন ওই সিনেমার কাজ শুরু হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডের সময় করন জোহরের এক পার্টিতে হাজির হয়েছিলেন শাহরুখ খান। তখন থেকেই এই দুজনের মধ্যের দ্বন্দ্বের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।