আবারও জুটি হচ্ছেন ভূমি-আয়ুষ্মান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ুষ্মান-ভূমি
আয়ুষ্মান-ভূমি

চলতি বছরের শুরুতে ‘দম লাগাকে হাইশা’ ছবি দিয়ে দর্শক মাত​ করেছেন বলিউডের আয়ুষ্মান খুরানা এবং ভূমি পেডনেকার জুটি। পর্দায় তাঁদের দুজনের রসায়ন এবং অভিনয় দুটোই বেশ সাড়া ফেলেছে। এদিকে দিনকয়েক ধরে নতুন খবর রটেছে; নতুন আরেকটি চলচ্চিত্রের জন্য নাকি আবারও জুটিবদ্ধ হতে যাচ্ছেন এই দুজন।

‘লাভ সাভ তে চিকেন খুরানা’ (২০১২) এর নির্মাতা সমীর শর্মা তাঁর পরবর্তী চলচ্চিত্রের জন্য এই জুটিকে চুক্তিবদ্ধ করেছেন বলেই খবর প্রকাশিত হয়েছে। আবার এদিকে, কিছুদিন আগের খবর ছিল, তিগমাংশু ঢুলিয়ার ‘ভুল সে না নাম লো প্যায়ার কা’ ছবির জন্য নাকি তাঁদের দুজনকে নির্বাচন করা হয়েছে।

অভিনেত্রী ভূমির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রথম ছবি ‘দম লাগাকে হাইশা’ ছবিতে অভিনয়ের পর থেকেই ভূমি ইতিবাচক সাড়া পেয়ে আসছেন। যদিও এর মধ্যে অনেকগুলো ছবিতেই কাজ করার প্রস্তাব পেয়েছেন তিনি কিন্তু পরবর্তী চলচ্চিত্রে কাজ করার জন্য একটু সময় নিচ্ছিলেন এই অভিনেত্রী।

আর এদিকে, নির্মাতা সমীর শর্মা এরই মধ্যে অভিনেত্রী ভূমিকে তাঁর নতুন ছবির চিত্রনাট্য শুনিয়েছেন এবং এ ছবির মাধ্যমেই পর্দায় পুনরায় হাজির করতে যাচ্ছেন ভূমি-আয়ুষ্মান জুটিকে। এ খবরটি জানিয়েছে সমীরেরই ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটি আরও জা​নিয়েছে, সমীরের এ ছবির গল্পও ভূমি-আয়ুষ্মানের প্রথম ছবিটির মতোই আকর্ষণীয়। শিগগিরই এ ছবির প্রধান দুই চরিত্র এবং এক সহ-অভিনেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ ছবিতে তৃতীয় কোনো চরিত্রে অভয় দেওলকেও দেখা যেতে পারে।


অবশ্য, এখন পর্যন্ত অভিনেতা আয়ুষ্মান খুরানা নতুন এ ছবিতে ভূমির সঙ্গে জুটি বাধার বিষয়টি নিশ্চিত করে কোনো তথ্য জানাননি। মিড ডে।