আবারও ঝড় তুলতে আসছেন দীপিকা-রণবীর

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রণবীর সিং-দীপিকা অভিনীত বাজিরাও মাস্তানি ছবিটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এ দুজনের কাছের একটি সূত্র জানিয়েছে, খুব শিগগিরই রণবীরের সঙ্গে হয়তো আরও একটি ছবিতে কাজ শুরু করতে চলেছেন দীপিকা।
দীপিকা পাডুকোন—যেন এক পরশপাথরের নাম। যে ছবিকেই এই পরশপাথর ছুঁয়ে দেয়, সে ছবিই দারুণ জনপ্রিয়তা পায়, পায় তুমুল বক্স অফিস সাফল্যও। ২০০৭ সালে শাহরুখের হাত ধরে ওম শান্তি ওম ছবির মাধ্যমে বলিউডে পা রাখলেও শুধু শাহরুখের ছায়ার নিরাপত্তার নিচেই আশ্রয় নেননি দীপিকা, বরং নিজেই হয়ে উঠেছেন সাফল্যের অপর নাম। আর দীপিকার সঙ্গে রণবীর সিংয়ের জুটি যেন আরেক সাফল্যের মন্ত্র।
বলিউডে ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সবচেয়ে ব্যবসাসফল তিনটি ছবির তিনটিরই নায়িকা চরিত্রে ছিলেন দীপিকা পাডুকোন! প্রথম ছবি শাহরুখ-দীপিকা জুটির চেন্নাই এক্সপ্রেস সে বছর আয় করেছিল ২২৭ কোটি রুপি। দ্বিতীয় অবস্থানে ছিল রণবীর কাপুর-দীপিকার ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। এ ছবি আয় করেছিল ১৮৮ কোটি ৫০ লাখ রুপি। এর পরপরই ছিল রণবীর সিং-দীপিকা অভিনীত সঞ্জয় লীলা বনশালীর আলোচিত ছবি গোলিও কি রাসলীলা: রামলীলা।
গোলিও কি রাসলীলা: রামলীলা ছবিটিই রণবীর সিং-দীপিকা জুটির প্রথম ছবি, যা ভারত ও ভারতের বাইরে থেকে মোট ১১০ কোটি রুপি মুনাফা তুলে পেছনে ফেলে কৃশ-৩, রেস-২, দাবাং-২, জিন্দেগি না মিলেগি দোবারা, অগ্নিপথ ও বরফির মতো ছবিকেও।
সঞ্জয় লীলা বনশালীর ব্যতিক্রমধর্মী অথচ নান্দনিক কাজ দর্শকদের মাঝে সব সময়ই জনপ্রিয়তা পেয়ে আসছে। কিন্তু সেবারই প্রথমবারের মতো এ ছবির মাধ্যমে রণবীর সিং-দীপিকা জুটিকেও দর্শকেরা সাদরে গ্রহণ করেছিলেন। তাঁদের গ্রহণযোগ্যতা বুঝতে পেরে বনশালী এরপর এই একই জুটিকে নিয়ে বানান বাজিরাও মাস্তানি। দীপিকা-রণবীর সিংয়ের এবারের ছবি বাজিরাও মাস্তানি পৌরাণিক কাহিনিনির্ভর। গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া এ ছবিটি এই জুটির প্রথম ছবির চেয়েও তিন গুণেরও বেশি ব্যবসাসফল হয়েছে। এরই মধ্যে এ ছবিটি আয় করেছে ৩২১ কোটি রুপিরও বেশি।
সূত্রটি জানিয়েছে, দীপিকা-রণবীর সিং জুটির তৃতীয় ছবির কাজও শিগগিরই শুরু হতে চলেছে। এ জুটির এই নতুন ছবিটির নাম হ্যাপি ভাগ যায়েগি। ছবিটি পরিচালনা করবেন আনন্দ এল রাই। দীপিকার ব্যস্ত সময়সূচির কারণে ঠিক এখনই এ ছবির কাজ শুরু করা যাচ্ছে না। ছবির ব্যাপারে এর চেয়ে বেশি কিছু এখনো জানা সম্ভব হয়নি।
বলিউড ছাড়িয়ে হলিউডেও পা রাখতে যাচ্ছেন সদ্য ৩০ পেরোনো বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা। জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে তাঁকে দেখা যাবে ডিজে কারুসোর নতুন এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ ছবিতে। ১৩ জানুয়ারি এ ছবির শুটিং শুরু হলেও দীপিকা সম্ভবত ছবির শুটিংয়ে অংশ নেবেন ফেব্রুয়ারি মাসে। টাইমস অব ইন্ডিয়া। এনডিটিভি।