আবারও বেফাঁস কথা!

কঙ্গনার নাম সব সময়ই যেন বিতর্কের চূড়ায় থাকে। হৃতিক রোশনের বেলায় সেই বিতর্ক আকাশ স্পর্শ করে। কঙ্গনা রনৌত ও হৃতিক রোশন বিতর্কে জড়িয়েছিলেন তাঁদের মা-বাবাও। বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারও বেফাঁস কথা বলে বসলেন কঙ্গনা। নেহা ধুপিয়ার উপস্থাপনায় একটি টক শোতে ঘটেছে ঘটনাটি।
ওই টক শোতে নেহা প্রশ্ন করেন, তারকা মা-বাবার জন্য কে বলিউডে সেরা অভিনেতার পুরস্কার পান? উত্তরে কঙ্গনা বলেছিলেন, ‘হৃতিক রোশন। তারকার সন্তানেরা বরাবরই বেশি সুবিধাভোগী। কিন্তু আমি বিশ্বাসই করি না যে তাঁরা আমার থেকে ভালো।’ কঙ্গনার এ মন্তব্যে আবারও বিতর্কের আগুনে ঘি নিক্ষিপ্ত হলো যেন। পাল্টা কী মন্তব্য আসে হৃতিক পরিবার থেকে, এখন সেটাই জানার অপেক্ষা।
‘কাবিল’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হৃতিক রোশন। আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তির সম্ভাবনা রয়েছে ছবিটির। অন্যদিকে কঙ্গনা অভিনীত বিশাল ভরদ্বাজের ছবি ‘রেঙ্গুন’ মুক্তি পাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এখন তিনি কাজ করছেন হানসাল মেহতার ‘সিমরান’ ছবিতে। ইন্ডিয়া টুডে।