আবারও ভাঙনের সুর!

সম্পর্কটি আর টেনে নেওয়া যাচ্ছে না। ভাঙনের সুর বেজে উঠেছে রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমে? বিয়ের বদলে বিচ্ছেদে গড়াচ্ছে বাঁধভাঙা প্রেম?
ভক্তরা জানেন, অনেক দিন ধরেই প্রেম করছেন এই তারকা জুটি। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি অ্যাপার্টমেন্টে বেশ কিছুদিন কাটিয়েছেনও একসঙ্গে। এবার বোধ হয় সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন তাঁরা। নাইন এক্সই ডটকমের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, বিচ্ছেদ চান রনবীর।
রনবীরের অতীতে দীপিকার ছায়া। সেটাই কী তবে ঘটাল অঘটন?
যদ্দূর জানা গেছে, ঘটনার সূত্রপাত রনবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকার ছবি ‘তামাসা’র প্রচারণা চালাতে গিয়ে। ওই প্রচারণায় দুজনের ঘনিষ্ঠতা ভাবিয়ে তুলেছে সবাইকে। অনেকের ধারণা: দীপিকা-রনবীর আবারও ফিরছেন একে অপরের কাছে!
সংবাদমাধ্যমটির সূত্র বলছে, রনবীরের জীবন থেকে ক্যাটরিনা সরে না যাওয়া পর্যন্ত দীপিকায় ফিরে আসার সুযোগ তেমন নেই। তা ছাড়া ক্যাটরিনা সরে গেলেও দীপিকাই যে ফিরবেন, সেটা নাও হতে পারে।
লন্ডনে করণ জোহরের ছবি ‘এ দিল হে মুশকিল’ ছবির শুটিংয়ে এখন ব্যস্ত রনবীর। সঙ্গে আছেন মা নীতু সিং। পুত্রবধূ হিসেবে ক্যাটরিনাকে নাকি মানতেই পারবেন না তিনি। বাবা-মায়ের বাসা ছেড়ে ক্যাটকে নিয়ে বান্দ্রার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকাটাকেও সহজভাবে নেননি নীতু সিং। ‘রনবীরের বাবাকে ‘পাপা’ বলে ডাকতে শুরু করেছে ক্যাটরিনা’-এমন সংবাদ ছাপা হওয়ার পরেও খুব একটা অবাক হননি রনবীরের বাবা ঋষি কাপুর।
এমন নানা কারণেই রনবীর-ক্যাটের বিচ্ছেদের ব্যাপারটি জটিলতা সৃষ্টি করতে পারে মুম্বাই (বোম্বে) চলচ্চিত্র শিল্পে। এর মধ্যে অনুরাগ বসুর ছবি ‘জাগ্গা জাসুস’-এর কাজও তো শেষ হয়নি এখনো। (টাইমস্ অব ইন্ডিয়া)