আবারও শাহরুখপুত্রের জামিন আবেদন খারিজ, জেলেই থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিয়ান

মুম্বাইতে আজ শুক্রবার সারা দিন একটাই আলোচনা, শাহরুখপুত্র আরিয়ান খানের জেল হবে, না জামিন হবে! কিলা কোর্ট আরিয়ানের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আজ নাকচ করলেন। তাই ১৪ দিন জেলে কাটাতে হবে শাহরুখপুত্রকে। গতকাল বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। এবার আরিয়ানের আইনজীবী সেশন কোর্টে আরিয়ানের জামিনের জন্য আবেদন করবেন।

ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান
ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মাদক–কাণ্ডে জড়িত সন্দেহে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ বিকেল পাঁচটা নাগাদ আদালত আরিয়ানের অন্তর্বর্তী জামিন নামঞ্জুর করেছেন। এনসিবি ক্রমাগত চেষ্টা করেছে, আরিয়ান যেন জামিন না পান। তাদের দাবি, আরিয়ান জামিনে ছাড়া পেলে অনেক তথ্য-প্রমাণ লোপাট হতে পারে। কারণ, তাঁর পাশে অনেক প্রভাবশালী ব্যক্তি আছেন। এদিকে আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতকে বলেছেন, আরিয়ানের বিরুদ্ধে কোনো প্রমাণ যেহেতু পাওয়া যায়নি, তাহলে জেল কিসের? মাদক–কাণ্ডে অভিযুক্ত অন্য ব্যক্তিদের সঙ্গে আরিয়ানের কোনো সম্পর্ক নেই বলে আইনজীবীর দাবি। আর সতীশ মানশিন্ডে আদালতকে জানিয়েছেন, আরিয়ান প্রতিষ্ঠিত পরিবারের ছেলে, তাই তদন্তের স্বার্থে কোনো প্রয়োজন পড়লে তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। তার জন্য আরিয়ানকে জেলে পাঠানোর প্রয়োজন নেই বলে তারকাপুত্রের দু্ঁদে আইনজীবী বলেছেন। মানশিন্ডে বলেছেন, আরিয়ানের পাসপোর্ট ভারতীয়, তাই তাঁর দেশ ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই আইনজীবী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, আরিয়ান মাদক সেবন করেননি।

আরিয়ান
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

জানা গেছে, আরিয়ানসহ বাকি অভিযুক্ত ব্যক্তিদের সকালে করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাঁদের সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আদালতে জামিনের রায় বের হওয়ার আগেই এনসিবির দপ্তর থেকে আরিয়ান, আরবাজ মার্চেন্টসহ বাকি অভিযুক্ত ব্যক্তিদের জেজে হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। জানা গেছে, জেলে যাওয়ার আগে শারীরিক পরীক্ষা করা জরুরি। জেজে হাসপাতাল থেকে এনসিবি তাঁদের আর্থার রোড জেলে নিয়ে যায়। আর মুনমুন ধামেচা এবং নূপুরকে পাঠানো হয়েছিল বায়খোল্লা জেলে। জানা গেছে, আরিয়ানকে আর্থার রোড জেলের কোয়ারেন্টিন সেলে রাখা হয়েছে। কোভিডের নিয়মাবলি অনুযায়ী আগামী সাত দিন তাঁকে জেলের কোয়ারেন্টিন সেলে থাকতে হবে। আরিয়ানের মাদক মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন শাহরুখ খানের ব্যবস্থাপক পূজা দদলানি আর তাঁর দেহরক্ষী।

স্ত্রী গৌরী খান আর তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামের সঙ্গে শাহরুখ
ছবি: ইনস্টাগ্রাম

এদিকে প্রমোদতরিতে এনসিবির অভিযান নিয়ে এনসিপির নেতা তথা মন্ত্রী নবাব মালিক প্রশ্ন তুলেছেন। এই অভিযান নিছকই সাজানো বলে বেশ কিছু প্রমাণ এর আগে নবাব মালিক সংবাদ সম্মেলনে ডেকে সাংবাদিকদের দেখিয়েছেন। জানা গেছে, আজও দুপুরে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করতে চলেছেন। নবাব মালিক বলেছেন, ‘আমি আরও তথ্য এবং প্রমাণ সংগ্রহ করছি। এনসিবি যে অন্যায় করছে, তা আমি প্রকাশ্যে আনব।’