আবারও সিংহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিংহাম রিটার্নস ছবিতে অজয় দেবগন
সিংহাম রিটার্নস ছবিতে অজয় দেবগন

রোহিত শেঠিকে বলা হয় মশলা ছবির রাজা। রোহিত মানেই গোলমাল, বোল বচ্চন, সিংহাম কিংবা চেন্নাই এক্সপ্রেস-এর মতো ধামাকা ছবি। ২০১১ সালে সিংহাম ছবির সাফল্যের পর রোহিতকে কেউ কেউ ‘কিং অব অ্যাকশন’ উপাধিও দিয়েছেন। রোহিত শেঠিই একমাত্র ভারতীয় পরিচালক, যার পাঁচটি ছবি এখন ১০০ কোটি রুপির ক্লাবে। তাঁর ধারে-কাছেও কেউ নেই। তবে বলিউড বক্স অফিসের তৈরি করা এই ১০০ কোটির ক্লাবে বলিউড নায়িকাদের মধ্যে শীর্ষস্থানটা কার—এই নিয়ে এবার চুলোচুলি লাগতেই পারে। কারণ, সমানসংখ্যক ছবি নিয়ে সোনাক্ষী সিনহার এত দিনের আগলে রাখা রাজ্যে ভাগ বসিয়েছেন নবাব বাড়ির বউ কারিনা কাপুর খান। কারিনারও পাঁচ ছবি এখন ১০০ কোটির ক্লাবে। বলিউড হিরোদের খবরটা বলি এবার। ১০০ কোটির দৌড়ে তিন খানের খানদানি লড়াইয়ে সালমান খান অনেকটাই এগিয়ে। সর্বশেষ কিক দিয়ে সালমানের টানা সাতটা ছবি ১০০ কোটির ক্লাবের সদস্যপদ কিনে ফেলেছে। কিন্তু সালমানের পরে কে আছেন? না, বাকি দুই খানের কেউই নেই সেখানে। শাহরুখ খান আর আমির খানকে পেছনে ফেলে জায়গাটা এখন অজয় দেবগনের। বলিউডের এই ছুপা রুস্তমের পাঁচটি ছবি এখন ১০০ কোটির ক্লাবে।
রোহিত শেঠি, কারিনা কাপুর আর অজয় দেবগন—এই তিনজনের মধ্যে কোনো মিল খুঁজে পেলেন? আরে মশাই, এই তিনজনের অবস্থান এখন পাঁচের ঘরে। প্রত্যেকেরই পাঁচটি ছবি এখন ১০০ কোটির ক্লাবে। আরেকটি মজার তথ্য হলো, এই নতুন ছবি সিংহাম রিটার্নসও সেই পাঁচেই করেছে বাজিমাত। সম্প্রতি মুক্তি পাওয়া এই ছবিও ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে মাত্র পাঁচ দিনে। শুধু কি তাই! এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে বেশি আয় করা দ্বিতীয় ছবি সিংহাম রিটার্নস। আট দিন শেষে সিংহাম রিটার্নস-এর ভারতীয় বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১১৬ কোটি রুপির ওপরে। অজয় দেবগনের চলচ্চিত্রজীবনের সবচেয়ে সফল ছবি সিংহাম রিটার্নস। মুক্তির প্রথম দিনেই ছবিটির আয় ছিল ৩২ দশমিক শূন্য ৯ কোটি রুপি, যা ছাড়িয়ে গেছে কিক-এর প্রথম দিনের আয়কেও।
রোহিত শেঠির ব্লকবাস্টার ছবি সিংহাম-এর সিক্যুয়াল সিংহাম রিটার্নস। এই ছবির শুটিংয়ে নিজের দাড়ি-গোঁফ কামাননি রোহিত। শুটিং করেছেন নিজের পছন্দের রামোজি রাও ফিল্মসিটি আর গোয়ার বিভিন্ন জায়গায়। আগের মতো এবারও থাকছে গল্পের প্রধান চরিত্র বাজিরাও সিংহামের অ্যাকশন, তবে এবার বেড়েছে তার গর্জন। ‘সিংহাম’ চরিত্রে ৪৫ বছর বয়সেও অজয় দেবগন পুরো সফল। ছবির অ্যাকশন দৃশ্যগুলো নিজেই করেছেন অজয়। পর্দায় খুব বেশি না থাকলেও নিজের উপস্থিতিতে কমিক রিলিফের ছোঁয়া দিয়ে গেছেন কারিনা কাপুর। গোলমাল-এর পর এই ছবিতে অজয় দেবগনের বিপরীতে কাজ করলেন তিনি। ছবির দুই মুখ্য খলনায়ক চরিত্রে ছিলেন অমল গুপ্ত এবং অনুপম খের। সব মিলিয়ে সিংহাম-এর ফেরাটা দর্শকের মনে থাকবেই।
সাজিদুল হক
বলিউড হাঙ্গামা, জি নিউজ, ওয়ান ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, উইকিপেডিয়া অবলম্বনে