আবারও সেই নাচের জাদু


দেবদাস ছবির ‘ডোলা রে’ গানটির কথা মনে আছে নিশ্চয়ই। মাধুরী আর ঐশ্বরিয়া তাঁদের সৌন্দর্য ও নৃত্যপ্রতিভা দিয়ে কেমন কাঁপিয়ে ছিলেন বড় পর্দা! সেই মুহূর্তই আবার পুনরুজ্জীবিত হতে যাচ্ছে। বলা হচ্ছে বাজিরাও মাস্তানি ছবির কথা। দেবদাস-এর সঞ্জয় লীলা বানসালিই এই ছবির পরিচালক। তাই বলাই যায়, ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে! তবে এবারের নাচের যুগলবন্দী মাধুরী-ঐশ্বরিয়ার হবে না। এবার একসঙ্গে নাচে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। নতুন কথা ও সুরে আরও বড় পরিসরে হবে এই গানের শুটিং, জানালেন ছবির পরিচালক নিজে।
সঞ্জয় লীলা বানসালি তাঁর ইতিহাসনির্ভর চলচ্চিত্রটিকে রীতিমতো ‘ঐতিহাসিক’ করার যাবতীয় প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছেন। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন মারাঠি সম্রাট বাজিরাওয়ের স্ত্রী কাশি বাইয়ের চরিত্রে। আর দীপিকা থাকছেন বাজিরাওয়ের প্রেমিকা মাস্তানির ভূমিকায়। দেবদাস ছবিতে যেমন দেবদাসের দুই প্রেমিকা রীতিমতো নৃত্যযুদ্ধ করেছেন পর্দায়। এবার বাজিরাওয়ের জন্য তাঁর স্ত্রী ও প্রেমিকার নাচের দ্বন্দ্ব দেখা যাবে।
সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, এরই মধ্যে প্রিয়াঙ্কা ও দীপিকা নাচের অনুশীলন শুরু করে দিয়েছেন। চোখধাঁধানো সাজ-পোশাক আর সেট ব্যবহার করা হবে এই গানের দৃশ্যায়নের জন্য। এই একটি গানের শুটিংয়ের জন্য ১০ দিন বরাদ্দ করা হয়েছে। এর নৃত্য পরিচালনা করবেন রেমো ডি’সুজা। সবকিছু ঠিক থাকলে ২০১৫ সালের ডিসেম্বরে মুক্তি পাবে বাজিরাও মাস্তানি। ডিএনএ ইন্ডিয়া।