আবেগের বশে রাজনীতিতে এসেছিলেন অমিতাভ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন মনে করেন রাজনীতিতে তাঁর যোগ দেওয়ার বিষয়টি ছিল আবেগজনিত। তিনি বলেন, ‘আমি মনে করি আমার এ সিদ্ধান্ত ছিল আবেগজনিত। কিন্তু আমি যখন এর মধ্যে ঢুকে গেলাম দেখলাম সেখানে আবেগের কোনো স্থান নেই। আমি বুঝলাম রাজনীতি আমার জন্য নয়। আর তাই ছেড়ে দিই।’
রাজনীতি ছাড়ার কারণে গান্ধী পরিবারের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার আদৌ কোনো ক্ষতি হয়নি। বন্ধুত্ব নষ্ট হয়নি।’
সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিতাভ এসব কথা বলেন। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া ওই সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
৭৩ বছর বয়সী এই অভিনেতা ১৯৮৪ সালে অভিনয় জীবন থেকে সাময়িক বিরতি নেন। দীর্ঘ দিনের পারিবারিক বন্ধু প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সমর্থনে যোগ দেন রাজনীতিতে। এমনকি এলাহাবাদ থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ান। বিশাল ব্যবধানে জেতেনও। কিন্তু রাজনীতি হয়তো তাঁকে তেমন টানেনি। ফলে তিন বছর পরেই বিদায় জানান এই জগৎকে।
রাজনীতি থেকে দূরে সরে গেলেও এখনো তাঁর জীবনের এক আক্ষেপের কারণ এই রাজনীতিই। কেননা নির্বাচনী প্রচারে গিয়ে স্থানীয় জনগণকে দেওয়া অনেক কথাই তিনি রাখতে পারেননি, যা কুরে কুরে খায় বলিউডের এই মেগাস্টারকে।
এ প্রসঙ্গে বলতে গিয়ে পিটিআইকে অমিতাভ বলেন, ‘আমি প্রায়ই ভাবি, নির্বাচনী প্রচারের সময় একজন ভোট চাইতে গেলে স্থানীয় জনগণকে অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আমি রাখতে পারিনি। বিষয়টি আমাকে কষ্ট দেয়। জীবনে আমার যদি কোনো আক্ষেপ থেকে থাকে তাহলে এটাই।’
তিনি বলেন, ‘আমি এলাহাবাদ শহর ও এর মানুষদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু পূরণ করতে পারিনি।’ অমিতাভ বলেছেন, সামাজিকভাবে যতটুকু করা সম্ভব, তা করার চেষ্টা করেন তিনি। কিন্তু তিনি জানেন, এলাহাবাদের মানুষ তাঁকে এ জন্য এখনো ক্ষমা করেননি।

যুক্তরাষ্ট্রে হলিউড তারকারা যেখানে নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে সরাসরি সমর্থন দেয়, সেখানে ভারতীয়রা অনেকটাই নিষ্প্রভ। নেতিবাচক প্রতিক্রিয়া বা বিতর্কিত বাধার মুখে পড়তে হতে পারে বলেই কি ভারতীয় অভিনয়শিল্পীরা তাঁদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন না?—এই বিষয়ে অমিতাভ বলেন, ‘আপনি একজন শিল্পী। আপনাকে মানুষ ভালোবাসে। তাই এখানে মানুষের ভালোবাসায় সাড়া দেওয়ার ব্যাপার থাকে। এ ক্ষেত্রে একজন রাজনীতিকও যদি আপনাকে পছন্দ করে সেখানেও একই ব্যাপার প্রযোজ্য। সেখানেও আপনি সাড়া দেবেন। তাহলে এর মানে কী দাঁড়ায়? তাই আমি যদি সাড়া দিই এর মানে এই নয় আমি তাদের রাজনৈতিক মতাদর্শকে পছন্দ করি। আমি অন্তত এমনটা মনে করি না।’
বলিউডের এই মেগা স্টার বলেন, ‘হলিউডের দর্শকেরা অনেক পরিণত। এখানে অতটা নয়।’ নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি যখন কংগ্রেস থেকে নির্বাচনী প্রচারে আসাম যাই তখন আমার হেলিকপ্টার বিরোধী প্রার্থীর এলাকায় অবতরণ করে। কিন্তু পুলিশ আমাদের দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। সেখানে অল্পবয়স্কদের একটি জটলা তৈরি হয়। এমনকি একজন ছুটে এসে হেলিকপ্টারের জানালার কাচ ভেঙে দিয়ে আমার হাতে একটি কাগজ গুজে দেয়। এতে লেখা ছিল সে আমার বিশাল ভক্ত। কিন্তু আমি তার রাজনৈতিক মতাদর্শের বিপরীতপন্থী। তাই আমার চলে যাওয়া উচিত।’
শিল্পীদের এমন অনেক কিছুরই মুখোমুখি হতে হয়, উল্লেখ করে অমিতাভ বলেন, ‘আমরা আমাদের পুরো জীবন মানুষের ভালোবাসা পেতে কাটিয়ে দিই। হঠাৎ যদি তাদের বলি—তুমি আমাকে পছন্দ করো, তাহলে আমার রাজনীতিকেও পছন্দ করো, আমার মনে হয় এটা ঠিক না।’
সামনেই অমিতাভ বচ্চনের একটি ছবি আসছে। নাম ‘পিংক’। আদালতকে ঘিরে নির্মিত এই ছবিতে অমিতাভকে কম বয়সী তিনজন নারীর হয়ে লড়াইকারী এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে।