আমজাদ আলী খানের ভিসা আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওস্তাদ আমজাদ আলী খান
ওস্তাদ আমজাদ আলী খান

কিংবদন্তি সরোদশিল্পী ওস্তাদ আমজাদ আলী খানকে ভিসা দেয়নি ভারতের ব্রিটিশ দূতাবাস। ৭০ বছর বয়সী এই শিল্পী জানিয়েছেন, সব ধরনের নিয়ম মেনে ভিসার আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে।
গত শুক্রবার খুদে ব্লগ টুইটারে আমজাদ আলী খান লেখেন, ভিসা আবেদন বাতিলের ঘটনায় তিনি ভীষণ বিস্মিত ও হতাশ হয়েছেন।
আগামী ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রয়্যাল ফেস্টিভ্যাল এবং পরদিন শাস্ত্রীয় সংগীতশিল্পী বিদুষী শুভা মুদগালের সঙ্গে অন্য এক কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল পদ্মবিভূষণপ্রাপ্ত আমজাদ আলী খানের।
টুইটে আমজাদ আলী খান জানান, সত্তরের দশক থেকে প্রতিবছর লন্ডনে অনুষ্ঠান করে আসছেন তিনি। তাঁর ভিসা আবেদন বাতিলের এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ নিয়ে বেশ কয়েকটি টুইটে তিনি লন্ডনের ভারতীয় দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ভারতে যুক্তরাজ্য দূতাবাসের টুইটার অ্যাকাউন্টকে সংযুক্ত করেছেন।