‘আমাকে গভীর রাতে জঙ্গলের ভেতরে হাঁটতে হতো’
দুই দশক পার করে ফেলল বিপাশা বসু আর ডিনো মারিয়া অভিনীত সুপারহিট ছবি ‘রাজ’। বিক্রম ভাট পরিচালিত এই ছবির গল্প আজও হাড় হিম করে দেয়। ‘রাজ’ ছবিতে এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন বিপাশা। এই ছবির আগে মাত্র দুটি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। বাঙালি এই তারকা ‘রাজ’ ছবিতে সঞ্জনা ধনরাজের চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে যান। বিপাশা শুধু দর্শকের নন, চিত্র সমালোচকদের হৃদয়ও জয় করেছিলেন। আজ ‘রাজ’ ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে বিপাশা এই ছবিকে ঘিরে তাঁর টুকরা টুকরা স্মৃতি মেলে ধরেছেন।
স্মৃতির তরণী বেয়ে বিপাশা ‘রাজ’-এর সেই দিনগুলোর প্রসঙ্গে বলেন, ‘এই ছবির শুটিং আমরা উটিতে করেছিলাম। আর আমাদের অনেকগুলো রাতের দৃশ্য শুট করতে হয়েছিল। একটা দৃশ্যের জন্য আমাকে গভীর রাতে ঘুম থেকে উঠে জঙ্গলের ভেতরে হাঁটতে হতো। আমাদের শুটিং স্পটে খুব সুন্দর একটা বাংলো ছিল। বাংলোর বাইরে হালকা আলো জ্বলত। তাই ওখানকার চারপাশের পরিবেশ ছিল গা ছমছম করা। আর তখন তেমনি কনকনে ঠান্ডা পড়েছিল। এ সবকিছুর জন্য রাতের সেই পরিবেশ হয়ে উঠেছিল ভীতিকর। সেই হাড় হিম করা ঠান্ডার মধ্যে জনমানবহীন পথে একটা নাইটি গায়ে আমাকে একা একা হাঁটতে হয়েছিল।’
বিপাশার অভিব্যক্তি ক্যামেরার সামনে যথাযথভাবে তুলে ধরার জন্য পরিচালক বিক্রম ভাট এক মজার উপায় বের করেছিলেন। এই বলিউড অভিনেত্রী এ প্রসঙ্গ ধরে বলেন, ‘বিক্রমের কাছে একটা বিশাল ঘণ্টার মতো ছিল। আমার সঠিক প্রতিক্রিয়া বের করে আনার জন্য তিনি হঠাৎ করে সেই ঘণ্টা ঢং ঢং করে বাজাতেন। প্রথম যখন তিনি ঘণ্টা বাজিয়েছিলেন, তখন আমি এ ব্যাপারে বিন্দুবিসর্গ জানতাম না। সেই দৃশ্যে আমি হাঁটছি, আর যেখানে এতটাই নিস্তব্ধতা যে একটা সুচ পড়লেও আওয়াজ হবে। ঘণ্টার শব্দটা এতটাই ভীতিকর ছিল, যা শুনে আমার সারা শরীর কেঁপে উঠেছিল। আর আমি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠে ছিলাম। তখন মনে হচ্ছিল, আমার আত্মা আমার শরীর ছেড়ে বেরিয়ে গেছে। আর তার পর থেকে সেই ঘণ্টা আমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। আমার ভয়ার্ত অভিব্যক্তি পর্দায় তুলে ধরার জন্য উনি যখন-তখন সেই ঘণ্টা বাজাতেন।’
বিপাশা জানিয়েছেন যে এই ছবির ক্রু-সদস্যরা এবং অভিনয়শিল্পীরা শুটিংয়ের সময় আরও ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করেছিলেন। তিনি বলেন, ‘রাত হলেই সরোজ খান, আশুতোষ রানা, বিক্রম ভাটসহ আরও প্রত্যেকে হাড় হিম করা সব ভূতের গল্প শোনাতেন। এমনকি এসব ভুতুড়ে অভিজ্ঞতা তাদের নিজেদের জীবনে ঘটেছে। এসব গল্প শোনার পর আমি আরও ভয় পেয়ে যেতাম। বেশি করে ভয় পাওয়ার ফলে আমার কাজ একটু সহজ হয়ে যেত। “রাজ” ছবির শুটিংয়ের সময় আমার চোখেমুখে সেই ভয় ধরা দিয়েছিল।’
২০০২ সালে বিক্রম ভাট পরিচালিত ‘রাজ’ ছবিটি মুক্তি পেয়েছিল। আর সেই বছর এই ছবি সবচেয়ে আয় করা ছবির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। ‘রাজ’ ছবিতে বিপাশা আর ডিনোর রোমান্স রুপালি পর্দায় ঝড় তুলেছিল। এই ছবির অন্য মূল চরিত্রে ছিলেন বলিউড অভিনেতা আশুতোষ রানা। দুই দশক পার হয়ে গেলেও সঞ্জনারূপী বিপাশা আজও অনেকের স্মৃতিতে তাজা।