‘আমাকে নকল করা বন্ধ করো পরি’
শুটিং করতে এখন নেপালে আছেন পরিণীতি চোপড়া। ফাঁকে ফাঁকে ছবি তুলে ইনস্টাগ্রামে দিচ্ছেন। একটা ছবিতে দেখা গেল, সামনে এভারেস্ট, ক্যামেরার দিকে পেছন ফিরে সেদিকে তাকিয়ে আছেন পরিণীতি। পিঠে ব্যাগ।
কয়েক দিন পর শুক্রবারে ইনস্টাগ্রামে কার্তিক আরিয়ানের একটি ছবি দেখে পরিণীতি অবাক! আরে এ তো দেখি একেবারে তাঁর পোজ! পাহাড়ের দিকে তাকিয়ে আরিয়ান। পিঠে ঝোলানো ব্যাগ। শুধু এই ছবিই নয়, তাঁর আরও বেশ কয়েকটা ছবির পোজের সঙ্গে আরিয়ানের কয়েকটা ছবির দারুণ মিল। আরিয়ানকে খোঁচানোর এমন সুযোগ কী আর পরিণীতি ছাড়েন! নিজের ছবি আর কার্তিকের ছবি কোলাজ করে ইনস্টাগ্রামে দিয়ে লিখলেন, ‘তাহলে কার্তিক আরিয়ান, কী বলতে চাও তুমি!’
কোলাজগুলো দিয়ে কার্তিককে নিয়ে একটু মজা করতে চেয়েছিলেন পরিণীতি। কিন্তু কার্তিকের উত্তর বুমেরাং হয়ে এল। একই কোলাজ কার্তিক শেয়ার করে লিখলেন, ‘পরি, আমাকে নকল করা বন্ধ করো।’ সঙ্গে হাসির ইমোজি।
পরিণীতি দেখলেন, কার্তিককে নিয়ে মজা করতে গিয়ে নিজেই মজার পাত্র হয়ে যাচ্ছেন। প্রকৃত সত্যটা জানাতে তাই নিজের আগের করা পোস্টের কথা উল্লেখ করে কার্তিককে বললেন, ‘এবার সত্যটা বলা প্রয়োজন, কে কাকে নকল করেছে।’
চার দিন আগে এসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পরিণীতি। ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল, মি. এভারেস্ট। তুমি আমাকে আজ নম্র হওয়ার শিক্ষা দিয়েছ।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘উঁচাই’, ‘শুটমোড’, ‘নেপাল’।
নেপালে ‘উঁচাই’ ছবির শুটি করছেন পরিণীতি চোপড়া। সুরাজ বরজাতিয়া বানাচ্ছেন এই ছবি। সঙ্গে আছেন বোমান ইরানি ও অনুপম খের। অন্যদিকে কার্তিক আরিয়ানকে দেখা যাবে ‘ভুলভুলাইয়া টু’ ছবিতে।