আমার মাথায় সত্যিই কিছু নেই : অমিতাভ

অমিতাভ অভিনীত ‘পিংক’ ছবিটি আলোচনায় ছিল শুটিং শুরুর আগে থেকেই। এ ছবিটি নিয়ে সারা ভারতেও নাকি সিনেমাভক্তদের উচ্ছ্বাস, আগ্রহ কাজ করছে। শুধু চিত্রনাট্য নিয়ে নয়, ছবিতে অমিতাভের অভিনয় নিয়ে নানা মহলে উচ্চ প্রশংসা। কিন্তু এই ছবি দেখে একটুও খুশি নন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকান্দে কাটজু। ছবি দেখার পর অমিতাভের সমালোচনা করলেন প্রকাশ্যেই। ‘অ্যাংরি ইয়াং ম্যান’খ্যাত অমিতাভও সে সমালোচনার জবাব দিয়েছেন অকপটে।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, ‘পিংক’ ছবি দেখেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকান্দে কাটজু! আর ছবি দেখে অমিতাভের সমালোচনায় একেবারে মুখর হয়েছেন তিনি। কাটজু সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘অমিতাভ বচ্চনের মাথায় কিচ্ছু নেই। তবুও এই অভিনেতাকে নিয়ে দেশের লোক মাথায় তুলে রেখেছে।’

কাটজুর এই কথার জবাবও দিয়েছেন অমিতাভ। তিনিও কাটজুর নাম করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখলেন, ‘কাটজু ঠিকই বলেছেন, আমার মাথায় সত্যিই কিছু নেই। এ নিয়ে তাই বিতর্কের দরকারও নেই।’ অমিতাভ আরও লেখেন, ‘কাটজু আমার স্কুলের বড় ভাই। ওর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই!’
বিগ বি কাটজুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আরও বলেন, ‘সত্যি আমরা এখন নিজেদের থেকে উদ্যোগ নিয়ে আর কিছু করতে পারি না। আমরা প্রত্যেকেই সেই বিষয়কে সমর্থন করি, যেদিকে সমাজের মূলস্রোত এগিয়ে চলেছে। স্রোতের বিপরীতে যেতে আমরা ভুলেই গেছি।’
অমিতাভকে ব্যক্তিগত আক্রমণও করেছেন সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতি। তিনি গতকাল তাঁর ফেসবুক পোস্টে লেখেন, আজ তাঁর ৭০ বছরের জন্মদিন। তিনি একেবারেই একান্তে কাটাবেন এই দিনটায়। এর সঙ্গে সঙ্গে তিনি বলেন, বিগ বি তাঁর ৭০ বছরের জন্মদিনে বিশাল সেলিব্রেশন করেছিলেন। বলিউডের বহু তারকা-মহাতারকারা এসেছিলেন সেখানে। সেই জন্মদিনের উৎসবকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমার ছোটবেলায় এভাবে জন্মদিন পালন হতো, এখন আর হয় না।’
প্রসঙ্গত, বিগ বি এবং কাটজু এলাহাবাদে একই স্কুলে পড়তেন। তারপর অমিতাভ নৈনিতালের শেরউড কলেজে পড়তে চলে যান। সাংবাদিক বৈঠকে অমিতাভের কাছে জানতে চাওয়া হয়, এটা কী কোনো পুরোনো শত্রুতার প্রতিশোধ তুলছেন কাটজু। এর উত্তরে বিগ বি বলেন, ‘আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। কাটজু বিচারপতি ছিলেন, আমাকে তাঁর সামনে হাতজোড় করে দাঁড়াতে হবে, এটাই বাস্তব।’ মন্তব্য বিগ বির।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি