‘আমি চোখের পানি ধরে রাখতে পারি না’
রিয়েলিটি শোয়ে তারকাদের অভিব্যক্তি নিয়ে বিতর্ক আছে। গুঞ্জন আছে, শোর কাটতি বাড়াতে অনেক সময়ই আরোপিত সব অভিব্যক্তি দেন তাঁরা। বলিউডে অভিনয়ের পাশাপাশি এবার টেলিভিশনে অভিষেক হচ্ছে পরিণীতি চোপড়ার। ‘হুনারবাজ: দেশ কি শান’ নামের একটি রিয়েলিটি শোতে দেখা যাবে তাঁকে। সেই অভিজ্ঞতা শেয়ার করতে জানালেন, তাঁর জীবনে আরোপিত কিংবা মেকি কোনো জিনিস নেই।
এই রিয়েলিটি শোতে প্রতিযোগীরা আসবেন বিভিন্ন বিষয়ে তাঁদের সেরা নৈপুণ্য দেখাতে। উঠে আসবে তাঁদের জীবনের নানা গল্প। ইতিমধ্যে এই আয়োজনের প্রমোশনালও প্রকাশিত হয়েছে। পরির সঙ্গে বিচারক হিসেবে আছেন করণ জোহর ও মিঠুন চক্রবর্তী। একটি প্রোমোতে একজন প্রতিযোগী পারফর্ম করার পর অবাক হয়ে যান পরিণীতি। পরে তাঁর জীবনসংগ্রামের কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেলেন তিনি। এ প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘আমি খুবই আবেগপ্রবণ। আমাকে বিচার করার সময় নিজেকে প্রচুর নিয়ন্ত্রণ করতে হবে। কারণ, প্রত্যেক প্রতিযোগীই মেধাবী। পাশাপাশি প্রত্যেকেই আলাদা। এ কারণে আমি চোখের পানি ধরে রাখতে পারি না।’
এরপর পরিণীতি নিজের জীবনদর্শন নিয়ে বললেন, ‘আমি হয়তো জীবনে কিছুই করিনি। কিন্তু আমি মেকি জীবন যাপন করি না। এ কারণে আমি আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না। দুই মিনিট পরপরই আমাকে কাঁদতে দেখতে পারেন। আমার আবেগের দিকটি দেখতে পাবেন। প্রত্যেক প্রতিযোগী এতটাই মেধাবী যে আমি বারবারই আবেগপ্রবণ হয়ে গেছি।’
টেলিভিশনে অভিষেক নিয়ে বেশ নার্ভাসও ছিলেন পরিণীতি। তিনি জানান, তাঁর পরিবারের সদস্যরাও টেলিভিশন দেখতে পছন্দ করেন। গত বছর পরিকে দেখা গেছে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘সাইনা’ ছবিতে। হাতে আছে দুটি ছবি, সেগুলোর কাজ চলছে।