আমির-অমিতাভ এখন মালটায়

‘থাগস অব হিন্দুস্তান’ ছবি নিয়ে বলিউডে কাজ করছে বাড়তি আকর্ষণ। আর করবেই বা না কেন? বলিউডের দুই মহা তারকা অমিতাভ বচ্চন ও আমির খান তাঁদের দীর্ঘ ক্যারিয়ারে এই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করছেন। আবার হালের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফও আছেন এখানে। এর আগে কোনো ঐতিহাসিক ছবিতে অভিনয় করেননি তিনি।
সিনেমার আরেক নায়িকা ফাতেমা সানাহ শেখ, যিনি তাঁর প্রথম ছবি ‘দঙ্গল’-এ আমিরের মেয়ে হয়েছিলেন; তিনি এবার হবেন আমিরের নায়িকা।
‘থাগস অব হিন্দুস্তান’-এর জন্য বিশাল আকৃতির দুটি জাহাজ নির্মাণ করা হয়েছে। ছবির শুটিং হবে ইউরোপের মালটায়।

সব মিলিয়ে এই ছবির জন্য অনেক বিশেষ ঘটনাই ঘটানো হয়েছে। ‘বিগ বি’ সেখানে কয়েক দিন আগেই পৌঁছে গেছেন। সম্প্রতি আমিরও তাঁর সঙ্গে যোগ দিয়েছেন। মালটায় এই সিনেমার এক কলাকুশলীর সঙ্গে তোলা আমিরের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
আমিরের নতুন এই ছবি আলোচনায় আসার আরও একটি কারণ আছে। একটু মনোযোগ দিয়ে দেখলেই আমিরের নাকে নাকফুল চোখে পড়বে। আমির কি সত্যিই নাক ছিদ্র করেছেন, না মজা করে নকল নাকফুল পরেছেন, তা এখনই বলা যাচ্ছে না। ‘থাগস অব হিন্দুস্তান’-এর বেশির ভাগ শুটিং হবে পানিপথে। বিশেষভাবে তৈরি সেই দুই জাহাজেই অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করার পরিকল্পনা আছে পরিচালক বিজয় কৃষ্ণ আচার্যের।

এদিকে, অমিতাভ শুটিং শুরুর একটু আগেভাগে পৌঁছে গিয়ে আপাতত মালটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। সাগরে সূর্যাস্ত ও সূর্যোদয়ের ছবি তুলে টুইটারে প্রকাশ করেছেন এ অভিনেতা। নিজের ব্যক্তিগত ব্লগেও এই দ্বীপপুঞ্জের সৌন্দর্য বন্দনা করছেন তিনি। এনডিটিভি।