আমির এবার নভোচারী?

বরাবরই খুব বেছে কাজ করেন আমির খান। বলিউডে সবাই তাঁকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ও বলে থাকেন। বলিউডের জনপ্রিয় এই অভিনেতা তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পিকে’-তে হয়েছিলেন ভিনগ্রহবাসী। আর মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দঙ্গল’-এ তিনি অভিনয় করেছেন একজন কুস্তিগিরের ভূমিকায়। শোনা যাচ্ছে, এই অভিনেতা এবার নভোচারীর চরিত্রে দর্শকদের সামনে উপস্থিত হবেন।
ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মার জীবনী নিয়ে তৈরি হতে যাচ্ছে একটি চলচ্চিত্র। এখানে মূল চরিত্রে অভিনয় করবেন আমির—এমন খবরই শোনা যাচ্ছে বলিউডের বাতাসে।
রাকেশ শর্মা প্রথম ভারতীয়, যিনি মহাকাশে ভ্রমণ করেছেন। আর বলিউডেও এখন বিখ্যাত ব্যক্তিদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের ধুম লেগেছে। এটা তারই ধারাবাহিকতাও বলা যেতে পারে। বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে নির্মিত এসব ছবি বক্স অফিসে ভালো ব্যবসাও করছে। তাই আমির খান এ ধরনের কোনো গল্পের ছবিতে প্রস্তাবে রাজি হলে অবাক হওয়ার কিছু নেই। যদিও এ বিষয়ে আমির খানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ভক্তদের প্রিয় তারকাকে নভোচারীর বেশে দেখে খুশি হওয়ারই কথা।
সূত্র : বলিউড লাইফ