আমির কেঁদে গড়াগড়ি, সবাই হেসে কুটিকুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বজরঙ্গী ভাইজান’ ছবি দেখে আবেগে কেঁদে ফেলেন আমির।
‘বজরঙ্গী ভাইজান’ ছবি দেখে আবেগে কেঁদে ফেলেন আমির।

ছবির করুণ দৃশ্য আর আবেগী অভিনয় কার না মন গলায়! অনেকে হয়তো অভিনয় দেখে চোখের পানি ধরে রাখতে পারেন না। বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানও সে দলে। সম্প্রতি বেশ কয়েকটি ছবি দেখার পর তাঁকে কাঁদতে দেখা গেছে। অন্তত ওত পেতে থাকা ফটো সাংবাদিকেরা আমিরের সে সব মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন। সর্বশেষ ভাগনে ইমরান খানের ছবি ‘কাট্টি বাট্টি’ দেখেও আবেগে কেঁদে ফেলেছি​লেন বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ আমির খান। এর আগে সালমান খানের বজরঙ্গী ভাইজান ছবিটি দেখেও অঝোরে কেঁদেছিলেন আমির খান।

আমির খানের ঘনিষ্ঠ একজন বলেন, তাঁর সঙ্গে ছবি দেখতে বসলে এক বাক্স টিস্যু পেপার নিয়ে বসতে হয়! ছবি দেখে আমির খানের এই কান্নাকাটির ঘটনাটি বর্তমানের টুইটার প্রজন্ম বেশ মজা করে নিয়েছে। গতকাল টুইটারের ট্রেন্ড হিসেবে উঠে আসেন তিনি। কেউ টুইটারে আমির খানকে নিয়ে লিখেছেন, সাধারণ মানুষ হেসে কুটিকুটি আর আমির কেঁদে গড়াগড়ি। কেউবা বলছেন, তাঁকে ছিঁচকাঁদুনে পুরস্কার দেওয়া হোক।

এ ছাড়াও, আমিরের কান্না নিয়ে টুইটারে মজার মজার কৌতুকও ছড়িয়ে পড়েছে। একজন লিখেছেন, ‘আমির খান তাঁর চোখের জলের সুইমিং পুলে সাঁতার কাটছেন। ইনস্ট্রাক্টর বলল, পানি আসেনি তাই আজ পুল বন্ধ। আমির কান্না শুরু করলেন; চোখের জলে পুল ভরে গেল আর তিনি সাঁতার কাটা শুরু করলেন।’ আরেকজন লিখেছেন, ‘টম অ্যান্ড জেরি দেখেও কেঁদে ফেলেছিলেন আমির।’ একজন তো আমিরকে নিয়ে মজা করে লিখেছেন, ‘কাট্টি বাট্টিতে ইমরানের জায়গায় তাঁকে কেন নেওয়া হয়নি সে দুঃখেই কেঁদে গড়াগড়ি যাচ্ছেন আমির খান।’ (টুইটার, হিন্দুস্তান টাইমস)