আমির খান এখন রোলমডেল, বললেন শত্রুঘ্ন সিনহা

যে ধরনের ছবিতে কাজ করছেন আমির খান, তাতে ওকে রোলমডেল বলাই যেতে পারে। বললেন একসময়ের জনপ্রিয় ফিল্মি তারকা, বর্তমানে রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা।
শত্রুঘ্ন এ কথা বলেছেন, ‘আশা পারেখ: দ্য হিট গার্ল’ নামে আশার আত্মজীবনীর আত্মপ্রকাশ অনুষ্ঠানে। বইটি আশা লিখেছেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক খালেদ মাহমুদকে সঙ্গে নিয়ে।
বর্তমান তারকা সোনাক্ষী সিনহার বাবা, ৭১ বছর বয়সী শত্রুঘ্ন বলেছেন, ‘আমির শুধু বলিউডের জনপ্রিয় তারকাই নন, তিনি শিল্প-সংস্কৃতি অঙ্গনেও বিশিষ্টজন।’ ‘দঙ্গল’ ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। সমাজ, জাতীয় স্বার্থ এবং নারী অধিকার ইত্যাদি মিলে যে বার্তা দিয়েছে ‘দঙ্গল’, তা এর আগে কোনো ছবিতে দেখা যায়নি। সামনেও এত বলিষ্ঠ ছবি হবে কি না, তা নিয়ে সংশয় আছে শত্রুঘ্নের মনে।
‘আমির প্রকৃত অর্থেই একজন রোলমডেল। তিনি অন্যের মনে অনুপ্রেরণা জাগাতে পারেন। আমিরের বয়স এখন মাত্র ৫২। সবে তো শুরু। সামনে পড়ে রয়েছে পুরো পথ।’ বলেন শত্রুঘ্ন সিনহা।
এখন আমির ‘থাগস অব হিন্দোস্তান’ ছবি নিয়ে ব্যস্ত। এ ছবিতে মেগাস্টার অমিতাভ বচ্চনও রয়েছেন। মিডডে