আমির খানের শিষ্য

শুধু ভালো অভিনয় করাটাই শেষ কথা নয়, রণবীর কাপুর বিশ্বাস করেন একটা সিনেমার প্রচার ভালো হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সিনেমার বাজার বাড়ানোর এ প্রক্রিয়াকে রীতিমতো চ্যালেঞ্জিং মনে হয় রণবীরের। হালের এই জনপ্রিয় নায়ক মনে করেন, বলিউড এখনো বিষয়টা ঠিকঠাক বুঝে উঠতে না পারলেও একজন এই বিষয়টা খুবই ভালো বোঝেন, তিনি আমির খান।
একটা সিনেমার প্রমোশন বা প্রচারকাজ কেন এত গুরুত্বপূর্ণ সে বিষয়ে কথা বলেছেন রণবীর। তিনি বলেন,‘এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি চান বিপুলসংখ্যক দর্শক জানুক যে আপনার ছবি মুক্তি পাচ্ছে। আর এটা জানানোর একমাত্র পথ গণমাধ্যম। কিন্তু নিজেকে খুব বেশি প্রকাশ করাটাও ঠিক মনে করি না আমি, এর একটা সীমা আছে। কী ধরনের প্রচার চালানো হবে তা আপনাকে বুঝতে পারতে হবে।’
দিন পাল্টানোর সঙ্গে সঙ্গে সিনেমার বিপণন ও প্রচারের ধরনও যে পাল্টে গেছে তা জানেন রণবীর। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘এমন সময় ছিল যখন আমি ২৫ দিন ধরে একটা সিনেমার প্রচারে নামতাম। কিন্তু এখন এটা মাত্র ১২ দিনের ব্যাপার। এটা অবশ্য তারকার ওপরও নির্ভর করে। আমার মনে হয় না সালমান খানের নিজের সিনেমার প্রচারে নামার দরকার আছে। এমন তারকা একটা সিনেমায় আছেন এটা জেনেই মানুষ সে সিনেমা দেখতে চাইবে।’ নিজেকে এখনো এই সিনে দুনিয়ার নবিশ দাবি করা তরুণ এই নায়ক এভাবেই বিষয়গুলো ব্যাখ্যা করেন।
হালের এই জনপ্রিয় অভিনেতার দৃষ্টিতে বলিউডের বেশির ভাগ লোকজনই এখনো ‘ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের বিষয়টা পুরোপুরি বুঝে উঠতে পারেননি এবং পুরোনো ধ্যানধারণা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন।’ তবে আমির খান এখানে ব্যতিক্রম, তিনি এই অচলায়তন ভেঙেছেন। রণবীর নিজে এ বিষয়ে উপদেশ নেন আমির খানের কাছ থেকে। রণবীর বলেন, ‘তিনি সিনেমার বিপণন খুবই ভালো বোঝেন। আমি নিজের ছবির জন্য তাঁর সঙ্গে বসি। আমি তাঁর কাছে জানতে চাই, “ওরা বলছে ওই রিয়েলিটি শোতে যেতে। আমার কি যাওয়া উচিত? তিনি সোজাসাপটা না বলে দেন।” এ ব্যাপারে তিনি খুবই সিদ্ধহস্ত।’
আমির খানকে গুরু মানা রণবীর মনে করেন একটা সিনেমার প্রচারের মাত্রাটা আমির খান বোঝেন। ‘একটা ছবির কতটা প্রচার দরকার সেটা খুবই ভালো বোঝেন তিনি। প্রত্যেক ছবির প্রচার আলাদা পরিকল্পনা নিয়ে এগোয়। এটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। আমি এখনো তাঁর কাছ থেকে শিখছি।’